রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে সু চির অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও আন্তরিকতার সঙ্গে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী—তাঁর এই বার্তা গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত মো. শহীদুল হক।
ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে অং সান সু চির সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন এবং তাঁর হাতে শেখ হাসিনার চিঠি পৌঁছে দেন।
বাংলাদেশ দূতাবাস বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠিকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন অং সান সু চি। শহীদুল হকের সঙ্গে আলোচনাকালে সু চি রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে তাঁর সরকারের জোরালো অঙ্গীকারের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করা উচিত।
সু চিকে লেখা শেখ হাসিনার চিঠিতে মিয়ানমারের গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠায় এনএলডি নেতার দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করা হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মিয়ানমারের সঙ্গে বন্ধুত্ব, সুপ্রতিবেশী ও ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারে বাংলাদেশের আন্তরিক আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতা সু চির কাছে তুলে ধরেন শহীদুল হক। তিনি সামগ্রিকভাবে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মিয়ানমারের সঙ্গে অমীমাংসিত সব বিষয়ে সমাধানের জন্য বাংলাদেশ আন্তরিকতা, খোলা মন ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তৈরি আছে বলেও জানান তিনি।
মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলতে নতুন সরকারের অঙ্গীকারের কথা প্রধানমন্ত্রীর বিশেষ দূতের কাছে তুলে ধরেন স্টেট কাউন্সিলর। সু চি জানান, কোনো বিষয়কে পাশ না কাটিয়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের জন্য শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে আসার আগ্রহ দেখিয়েছেন সু চি।
পরে শহীদুল হক মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দুই দেশের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।