রাখাইনদের জলকেলি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে গতকাল মঙ্গলবার থেকে রাখাইন সম্প্রদায়ের ‘সাংগ্রাং’ বা জলকেলি উৎসব শুরু হয়েছে। গতকাল বেলা দুইটার দিকে শহরের টেকপাড়ায় রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্মিত একটি মণ্ডপে প্রথম জলকেলি উৎসব শুরু হয়। এরপর পাশের হাঙ্গরপাড়া, চালবাজার ও বড়বাজারে আরও তিনটি মণ্ডপে ছোট ছেলেমেয়েরা জলকেলিতে যোগ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাসোসিয়েশনের কয়েকজন নেতা জানান, শহরে ছয়টিসহ জেলার বিভিন্ন স্থানে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ২৩টি মণ্ডপে এবার জলকেলি উৎসব চলছে। নারী সাংসদ এথিন রাখাইন ও তাঁর স্বামী ক্যা থিং অংয়ের তত্ত্বাবধানে বৌদ্ধমন্দির সড়কে নির্মিত মণ্ডপে জলকেলি শুরু হয় বিকেল তিনটায়। এর আগে উৎসবের উদ্বোধন করেন সাংসদ এথিন। তবে দর্শকশূন্যতার কারণে বিকেল চারটায় এ মণ্ডপে উৎসব শেষ হয়। শহরের হাঙ্গরপাড়া মণ্ডপে উৎসবে যোগ দিতে আসা কলেজছাত্রী নিলা রাখাইন ও ওয়ান হ্লা চেন জানান, ‘প্রভাবশালী কিছু ব্যক্তির কারণে জলকেলি জাঁকজমকভাবে পালন করা গেল না। ক্ষোভ আর হতাশায় এসব মণ্ডপে জল ছিটানোর মতো পাত্রপাত্রীর উপস্থিতিও তেমন নজরে পড়েনি।’