রাখাইনদের রক্ষায় সীমান্ত খোলা রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের জনগণের কল্যাণের ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংস্থাটি মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থার মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস গত শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

মিয়ানমারের সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রাখায় জাতিসংঘের শরণার্থী সংস্থাটি এ আহ্বান জানিয়েছে। গত মাস থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের হত্যার পাশাপাশি তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত ৮৬ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬৯ জন রোহিঙ্গা এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার অধিবাসী। সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নিধনের অভিযোগ মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করেছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির দপ্তরের তথ্য কমিটির ফেসবুক পেজে বলা হয়েছে, রাখাইন রাজ্যের ওই ঘটনাগুলো সম্পর্কে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সব তথ্য পুরোপুরি সত্য নয়। সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের কাছে কোনো অভিযান চালায়নি, তারা শুধু রাজ্যের ভেতরে শুদ্ধি অভিযান চালাচ্ছে।

রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার খবরটি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। গতকাল শনিবার দেশটির সরকারি দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে কোস্টগার্ডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার রাতে সাতটি কাঠের নৌকায় করে বাংলাদেশে প্রবেশের সময় ১২৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল হয়তো বাংলাদেশের দিকে আসা, এ জন্য আমরা তাদের ফেরত পাঠিয়ে দিয়েছি।’

ইউএনএইচসিআরের মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন, রাখাইন রাজ্যে চলমান নিরাপত্তা অভিযানের কারণে সেখানে লোকজন বাস্তুচ্যুত হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সেখানে শান্তি প্রতিষ্ঠা এবং হাজার হাজার লোকের মানবিক সহায়তা মেটানোর সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত লোকজনের জরুরি ভিত্তিতে খাবার, মাথা গোঁজার ঠাঁই ও ওষুধের প্রয়োজন।

অবিলম্বে মিয়ানমারের ১ লাখ ৬০ হাজার বেসামরিক নাগরিকের জন্য জীবনরক্ষাকারী কার্যক্রম পরিচালনায় মানবিক সহায়তাকর্মীদের আবার কাজ শুরু করতে দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। গত ৯ অক্টোবর থেকে রাখাইনে মানবিক সহায়তাকর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস বলেন, ‘মিয়ানমারে সহিংসতার ভয়ে পালিয়ে যাওয়া লোকজনকে নিরাপদ পথ করে দিতে এবং দেশটির সঙ্গের সীমান্ত খোলা রাখতে বাংলাদেশের প্রতিও আমরা আহ্বান জানাচ্ছি।’