রাখাইনদের শ্মশানে লবণ চাষ, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলবর্তী গ্রাম উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের রাখাইনপাড়া। এ গ্রামে আড়াই শ বছরের বেশি সময় ধরে বসবাস করছে ১০ হাজারের মতো রাখাইন সম্প্রদায়ের মানুষ। কয়েক বছর আগে রাখাইনদের প্রায় আড়াই শ বছরের পুরোনো পাঁচ একরের একটি শ্মশানভূমিও প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এখন তাতে উৎপাদিত হচ্ছে লবণ। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাখাইন সম্প্রদায়ের কয়েক শ নারী-পুরুষ এলাকায় মানববন্ধন করে ভূমিদস্যুদের হাত থেকে শ্মশানটি উদ্ধারের দাবি জানায়। সরেজমিন দেখা গেছে, রাখাইনদের শ্মশানভূমিতে বৃহস্পতিবার সকাল থেকে ১০-১৫ জন শ্রমিক সাগরের লোনা পানি জমিয়ে লবণ উৎপাদনের কাজ করছেন। লবণ চাষের কারণ জানতে চাইলে স্থানীয় চাষি নুরুল হুদা (৬০) ও মোহাম্মদ আমিন (৪০) বলেন, ‘এই জমি উপকূলীয় বন বিভাগের হলেও আমরা স্থানীয় চৌফলদণ্ডীর প্রভাবশালী কবির আহমদের ছেলে লাল মিয়া ও শাহজাহানের কাছ থেকে কানিপ্রতি (৪০ শতকে এক কানি) দুই হাজার টাকায় পাঁচ কানি জমি লবণ চাষের জন্য বর্গা (ইজারা) নিয়েছি। এখন রাখাইনদের জমি ফেরত দিলে লাল মিয়ারা দেবেন। এতে আমাদের করার কিছু নাই।’ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চৌফলদণ্ডী শাখা ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি আপ্রুমং রাখাইন জানান, বন বিভাগ রাখাইন শ্মশান হিসেবে পাঁচ একরের জমিটি পরিমাপ করে দেওয়ার পরপর অর্থাৎ ২০০২ সালের এপ্রিল মাসে প্রভাব খাটিয়ে ওই শ্মশানটি দখল করে নেন স্থানীয় প্রভাবশালী কবির আহমদ ও তাঁর ছেলে লাল মিয়া। এ প্রসঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কবির আহমদের বক্তব্য জানা সম্ভব হয়নি। মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে যোগাযোগ করা হলে তাঁর ছেলে লাল মিয়া ব্যস্ত থাকার কথা বলে লাইন কেটে দেন। স্থানীয় চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য মংওয়েন রাখাইন জানান, দূর-দূরান্ত থেকে শ্মশানে এসে আত্মীয়স্বজনের সমাধিস্থল না দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র শ্মশান হলেও দীর্ঘ আট বছরেও দখলমুক্ত করা যাচ্ছে না। শ্মশানের জমি দখলের সত্যতা নিশ্চিত করে চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুচ্ছবি বলেন, বর্ষাকালে শ্মশানটি পানিতে ডুবে যায় বলে গত বছর ৩০ হাজার টাকা খরচ করে একটি বাঁধ করে দিয়েছিলাম। কিন্তু দখলদারদের কারণে তাও রক্ষা করা যায়নি।’ উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম হাসান জানান, শ্মশান দখল নিয়ে চৌফলদণ্ডীতে রাখাইনদের বিক্ষোভ সম্পর্কে তিনি কিছুই জানেন না।জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, শ্মশান দখল করে লবণ চাষের বিষয়টি তাঁকে এ পর্যন্ত কেউ জানায়নি। তারপরও তিনি বিষয়টি অনুসন্ধান করে দেখছেন বলে জানান।