রাখাইনদের সমস্যা দেখতে কলাপাড়ায় প্রতিনিধিদল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর সমস্যা সরেজমিনে দেখতে উচ্চপর্যায়ের একটি নাগরিক প্রতিনিধিদল কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের দুটি রাখাইন পাড়া পরিদর্শন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস ১০ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। গত শনিবার সকালে প্রতিনিধিদলটি প্রথমে কুয়াকাটা পৌর এলাকার পঞ্চায়েত পাড়া এবং পরে লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়ার রাখাইনপল্লি ঘুরে দেখে।
দেড় শ বছরের পুরোনো কুয়াকাটার পঞ্চায়েত পাড়ায় বর্তমানে কোনো অবকাঠামো নেই। পাড়ার মঠ ও মন্দিরের সম্পত্তি বেদখল হওয়ায় প্রতিনিধিদলের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। এ পাড়ার ২৫ ফুট লম্বা শায়িত বৌদ্ধ প্রতিকৃতি খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। বড় ধরনের বৌদ্ধ প্রতিকৃতি, পুরোনো বিহারের ধ্বংসস্তূপসহ নানা চিহ্ন রয়েছে। লতাচাপলী মৌজার ৬৫৯ নম্বর খতিয়ানের দুটি দাগের মোট ৯৯ শতক জমি মূল রেকর্ডে পাড়ার মগদের পক্ষে ফুরুচাইয়ের নামে লেখা রয়েছে। কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, একটি দাগে বাড়ি এবং অন্য দাগে দেবালয় বৌদ্ধমন্দিরের উল্লেখ রয়েছে। অথচ এক শ্রেণির ভূমিদস্যু দখল করে এ সম্পত্তির ওপর সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।
এরপর লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়ার রাখাইনপল্লি পরিদর্শন করে প্রতিনিধিদল। দীর্ঘদিন ধরে পল্লির শ্মশানের পাশের জমি বেদখল হয়ে আছে। এ সময় পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি উথান্ট চিন প্রতিনিধিদলের সদস্যদের জানান, এ শ্মশানের ২৭ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ জমি দখল করে নেওয়া হয়েছে। সোহরাব হোসেন গং এখানকার জমি দখলের সঙ্গে জড়িত।
পল্লির ২০০ বছরের পুরোনো সংরক্ষিত পুকুরটির অবস্থাও বেহাল। স্থানীয় প্রভাবশালীরা পুকুরটির পূর্ব পাশ থেকে দখল করে স্থাপনা গড়ে তুলেছে।
দুপুরে মৎস্যবন্দর মহিপুরের কারিতাস প্রকল্প কার্যালয়ে স্থানীয় পর্যায়ে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় রোবায়েত ফেরদৌস বলেন, ‘রাখাইনদের জমি, তাঁদের উপাসনালয়, জীবন-জীবিকাকেন্দ্রিক সবকিছু দেখে মনে হয়েছে, তাঁরা আজ নানাভাবে ক্ষতির শিকার। তাঁদের যেন বাস্তুচ্যুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি মনে করি, এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।’
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন অবজারভার-এর বিশেষ প্রতিনিধি সালিম সামাদ ও ফিচার প্রতিবেদক আসমাউল হুসনা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, ফিল্মমেকার ও সাংবাদিক রাশেদ রাইন, বেসরকারি সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) প্রকল্প সমন্বয়কারী সুবোধ এম বাস্কে, কারিতাস বরিশাল অঞ্চলের ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (আইসিডিপি-আর) সমন্বয়কারী মেইন থিন প্রমিলা প্রমুখ।