রাখাইনদের ৮০০ তাঁত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির কারণে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের প্রায় ৮০০ তাঁত বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন কমপক্ষে পাঁচ হাজার মানুষ। এই অবস্থা চলতে থাকলে আরও এক হাজার তাঁত বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের রাখাইনপল্লিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রেতা না থাকায় গত কয়েক দিনে সেখানে ৫০টির বেশি তাঁত বন্ধ হয়ে গেছে।
চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাওয়ে রাখাইন বলেন, ইউনিয়নের দক্ষিণপাড়া, মগপাড়া, জালিয়াপাড়া, মাঝরপাড়া, চৌফলদণ্ডী, মধ্যমপাড়ার প্রায় আট হাজার রাখাইন তাঁতশিল্পের ওপর নির্ভরশীল ছিলেন। এখন তাঁত বন্ধ হয়ে যাওয়ায় ৮০ শতাংশ মানুষ পেশা বদল করে জীবিকা নির্বাহ করছেন।
স্থানীয় ওসালা রাখাইন (৩০) বলেন, টানা অবরোধের কারণে রাখাইনদের তাঁতে তৈরি কাপড় কেনার জন্য এখন কেউ আসেন না।
সরেজমিনে দেখা যায়, মহেশখালী আদিনাথ মন্দিরের পাকা সিঁড়ির পাশে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা আছে তাঁতে তৈরি থামি, লুঙ্গি, চাদর, বেডশিট, থ্রি পিস, ফতুয়া, বালিশ কভার, ব্যাগসহ রকমারি পণ্য। কিন্তু বিক্রি তেমন নেই।
তরুণী উখ্যিং চো (২৩) বলেন, গত বছর পর্যটনের এই ভরা মৌসুমে এখানে দৈনিক তাঁতে তৈরি দুই থেকে তিন লাখ টাকার কাপড় বিক্রি হতো। আর এখন দিনে এক হাজার টাকাও বিক্রি হচ্ছে না। কারণ পর্যটক নেই।
মহেশখালী রাখাইন মহিলা বিত্তহীন সমবায় সমিতির সভাপতি উ মা মিং (৫৭) বলেন, আগে এখানকার তাঁতে তৈরি কাপড়ের জন্য ঢাকার ব্যবসায়ীরা আসতেন। কিন্তু অবরোধের কারণে এখন কেউ আসছেন না।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি মং ছিন হ্লা বলেন, টানা অবরোধ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে রাখাইনরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রেতা না থাকায় ইতিমধ্যে জেলার প্রায় ৮০০ তাঁত বন্ধ হয়ে গেছে। শহরের টেকপাড়া, বাজারঘাটা, বড়বাজারসহ জেলার রামু, উখিয়া, চকরিয়া ও টেকনাফসহ বিভিন্ন এলাকায় কমপক্ষে ৫০ হাজার রাখাইন তাঁতশিল্পের সঙ্গে জড়িত।
তাঁতে তৈরি কাপড় বিক্রির অন্যতম বিপণিকেন্দ্র শহরের টেকনপাড়া বার্মিজ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, শতাধিক দোকান বন্ধ। দুই শতাধিক দোকান খোলা দেখা গেলেও সেখানে তেমন বেচাবিক্রি নেই।