রাখাইনপাড়ায় অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ঠাকুরতলা রাখাইনপাড়ায় অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তারা এসব কর্মসূচি পালন করে।মানববন্ধনে বক্তারা বলেন, সব জাতিসত্তার সমান মর্যাদার লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার ৪০ বছরেও তা অর্জিত হয়নি। এখনো আদিবাসীদের ওপর বিভিন্ন শোষণ-নির্যাতন চালানো হচ্ছে। মহেশখালীর এ ঘটনাও তার বাইরে নয়। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করে রাখাইনপাড়ার অধিবাসীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ওয়ানক্য থোঁইন, রাখাইন নেতা উথেনমিন, মংছেন হেন, থোঁইন হ্লাইন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি তৌহিদ টিপু।উল্লেখ্য, ৪ মার্চ রাতে ঠাকুরতলা রাখাইনপাড়ায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।