
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, রাখাইনরা শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের জীবনমান উন্নয়নে সবার সহযোগিতা দরকার।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি ও বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস ইউনিটি কলাপাড়া শাখা গতকাল মঙ্গলবার ওই সভার আয়োজন করে। বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে রাখাইন নারী-পুরুষেরা শহরে শোভাযাত্রা করেন।
কারিতাস মহিপুর অঞ্চলের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) মং ম্যায়ার সঞ্চালনায় কলাপাড়া প্রেসক্লাবে ওই আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন আদিবাসী দিবস উদ্যাপন পরিষদের সভাপতি মংম্যাচিং মাস্টার। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন আদিবাসী অধিকার আন্দোলনের কর্মী ও কাপেং ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মেইন থিন প্রমিলা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।
মেইন থিন প্রমিলা বলেন, রাখাইনরা কতটুকু ভালো আছেন, তা এই জাতিসত্তার দিকে তাকালেই বোঝা যায়। কলাপাড়া উপজেলায় একসময় রাখাইন-অধ্যুষিত পাড়া ছিল ১৪৪টি। এখন ৩২টি পাড়া রয়েছে। বরগুনায় পাড়া ছিল ৯৩টি। এখন মাত্র ১৩টি রয়েছে। এসব এলাকার রাখাইনদের জমি, শ্মশান ভূমিদস্যুরা দখল করে নেওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। কুয়াকাটায় পর্যটনের নামে রাখাইনদের ভূমি দখল করা হচ্ছে। কুয়াকাটা পর্যটন থেকে মাত্র এক কিলোমিটার উত্তরে ১৯২৯ সালে নির্মিত রাখাইন মন্দিরের জমি কুয়াকাটা পৌরসভার ভবন নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হতে চলেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার বলেন, ‘রাখাইনরা স্বাধীন দেশে কেন পরাধীন, তা আমাদের খুঁজে দেখতে হবে। এই সম্প্রদায় যাতে ভালোভাবে থাকতে পারে, সে জন্য আমাদের চিন্তা রয়েছে। রাখাইনদের সৎকারের জন্য শ্মশানের জায়গা, রাখাইন ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। রাখাইনরা তাঁদের মাতৃভাষা শিক্ষার বিদ্যালয় করার উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে। এসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। তিনি বলেন, ‘রাখাইনদের জমি কারা দখল করছে, কেন দখল করছে, তা আমাদের দেখার দায়িত্ব রয়েছে। তবে আমরা মনে করি, জাতিগতভাবে রাখাইনরা বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকলে কেউই তাঁদের ক্ষতি করতে পারবে না।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন, নজরুল স্মৃতি সংসদের সেবা প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুজ্জামান প্রমুখ। সভায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বাণী পাঠ করে শোনান বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস ইউনিটি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অং নয়।