রাখাইনে অভিযুক্তদের শাস্তি দিতে কাজ করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিসা কার্টিস
লিসা কার্টিস

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য অভিযুক্ত দেশটির সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গত ছয় মাসের নানা ধরনের তথ্য–উপাত্ত বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। আর রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা লিসা কার্টিস শনিবার রাতে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্টের উপসহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক অন্যতম জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিস শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসেন। ওই দিনই রোহিঙ্গা পরিস্থিতি দেখতে সরাসরি কক্সবাজার যান তিনি। রোহিঙ্গা শিবির ঘুরে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফেরেন। এরপর রাজধানীর একটি হোটেলে বৈঠকে বসেন পররাষ্ট্রসচিবের সঙ্গে।

এমন এক সময়ে ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা বাংলাদেশে এলেন, যখন মিয়ানমার সেনা মোতায়েন করে রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এ পরিস্থিতিকে কীভাবে দেখেন, তা জানতে চাইলে লিসা কার্টিস বলেন, ‘আমরা সীমান্তের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে কী ঘটছে, সেটাও দেখছি। আমরা অবশ্যই চাইব না নিরাপদ পরিবেশ না ফিরলে রোহিঙ্গারা ফিরে যাক। জোর করে তাদের ফেরত পাঠানো যাবে না। ফেরাটা হতে হবে স্বেচ্ছায়। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করব। বাংলাদেশের সঙ্গে কাজ করার পাশাপাশি একই সময়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখব, যাতে করে তারা ফিরে যেতে পারে।’

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার দায়ে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে লিসা কার্টিস বলেন, সেখানে (রাখাইনে) ছয় মাস ধরে যা ঘটেছে, তা লিপিবদ্ধ করে খতিয়ে দেখা হচ্ছে। বেসামরিক লোকজনের ওপর যারা নৃশংসতা চালিয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এটা করা হচ্ছে।
পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে লিসা কার্টিস জানান, যেহেতু রোহিঙ্গা শিবির ঘুরে দেখা হয়েছে, স্বাভাবিকভাবেই এ নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে যুক্তরাষ্ট্রের ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশ যুক্ত হতে পারে, সেটা আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে এতে বাংলাদেশের ভূমিকা নিয়ে কথা হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, গণতন্ত্রে শক্তিশালী অংশীদার হওয়াসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব কটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

লিসা কার্টিসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে রাতে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রায় দুই ঘণ্টার বৈঠকে রোহিঙ্গা প্রসঙ্গটি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশের যুক্ততার প্রসঙ্গটি এলে আমরা এ নিয়ে আরও বিস্তারিত জানতে চেয়েছি। তাদের বলেছি, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কী করছে, কীভাবে করবে, তা যেন আমাদের জানায়।’ পাশাপাশি তিনি এটাও বলেছেন, যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রেই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে থাকে।