রাখাইনে গণহত্যা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে গতকাল ইরানের রাজধানী তেহরানে জাতিসংঘের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে  ‘গণহত্যা’ বন্ধের দাবিসংবলিত প্ল্যাকার্ড তুলে ধরে এক শিশু l ছবি: এএফপি
মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে গতকাল ইরানের রাজধানী তেহরানে জাতিসংঘের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে ‘গণহত্যা’ বন্ধের দাবিসংবলিত প্ল্যাকার্ড তুলে ধরে এক শিশু l ছবি: এএফপি

*যুক্তরাষ্ট্র, ইইউ ও ওআইসিভুক্ত দেশের কূটনীতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিংয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

*এ পর্যন্ত রাখাইনে নিহত ৩ হাজারের বেশি রোহিঙ্গা, বাংলাদেশে এখন আছে ৭ লাখ রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইনে গণহত্যা চলছে। রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাই প্রাণ বাঁচাতে মরিয়া রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে আশ্রয়ের জন্য চলে আসছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যার সমাধানে আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

গতকাল রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ওআইসিভুক্ত দেশের কূটনীতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিংয়ে বাংলাদেশ এই অনুরোধ জানিয়েছে। এ ছাড়া রাখাইনের দীর্ঘস্থায়ী এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ জাতিসংঘে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন চেয়েছে। ব্রিফিংয়ের পর দেশি-বিদেশি কূটনীতিকেরা প্রথম আলোকে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ওই ব্রিফিংয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক হাজার রোহিঙ্গার প্রাণহানিকে গণহত্যা বলেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো বাংলাদেশও এবারের রোহিঙ্গা হত্যাকাণ্ডকে গণহত্যা মনে করে কি না জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো আমরাও তা-ই বলছি।’ রাখাইনে এখন পর্যন্ত কত লোক মারা গেছে, জানতে চাইলে তিনি সংখ্যা উল্লেখ করেননি।

তবে মাহমুদ আলীর ব্রিফিংয়ের আগে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি সাংবাদিকদের জানান, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনের নিরাপত্তা অভিযানে ৩ হাজারের বেশি রোহিঙ্গার প্রাণহানির কথা জানিয়েছেন। এ ছাড়া তিনি ১০ হাজারের বেশি বাড়ি পুড়িয়ে ফেলার কথাও কূটনীতিকদের জানান।

গণহত্যার বিচার চাওয়া হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এবার রাখাইনের সংখ্যালঘু সম্প্রদায়ের ৩ লাখ মানুষ বাংলাদেশে এসেছে। আগে থেকেই অবস্থান করছে ৪ লাখের মতো। সব মিলিয়ে এই মুহূর্তে সেখানকার ৭ লাখ লোক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার থেকে নতুন করে আসা এসব লোকের জন্য প্রাথমিকভাবে আশ্রয় ও মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর বাংলাদেশ জোর দিচ্ছে।

বাংলাদেশের উদ্যোগের কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ বিষয়টি নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করছে। গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ, ইইউ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে আলোচনা চলছে।

কূটনীতিকদের ব্রিফিংয়ের আলোচনার প্রসঙ্গে মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, প্রতিটি দেশের প্রতিনিধিই একবাক্যে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের ভূমিকা সমর্থন করেছেন। এত বিরাট জনগোষ্ঠীকে আশ্রয়, চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করার নিখাদ প্রশংসা করেছেন তাঁরা। সবাই একবাক্যে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন। এই সমস্যা সমাধানে সারা বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে কীভাবে সহায়তা করতে চায়? এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক ও মানবিক দুই ক্ষেত্রেই সহযোগিতার আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ বাড়তি তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের মাধ্যমে এ তহবিল সমন্বয় করা হবে।

পররাষ্ট্রমন্ত্রীর মতে, রোহিঙ্গা সমস্যার উৎস যেহেতু মিয়ানমারে, তাই সমাধান তাদেরই করতে হবে। এতে বাংলাদেশ সাহায্য করবে। তবে এবার পরিস্থিতি নতুন রূপ নিয়েছে, অনেকটা প্রতিশোধের মতো ব্যাপার হয়েছে। মাহমুদ আলী প্রশ্ন তোলেন, সবাইকে মেরে ফেলা বা সবকিছু পুড়িয়ে ফেলা—এসব গ্রহণযোগ্য হতে পারে না।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ কীভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা ভাবছে, জানতে চাইলে মাহমুদ আলী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি যুদ্ধ করতে বলছেন? যুদ্ধ বাংলাদেশ করবে না। এটা সমাধানের কোনো পথ না। এ মাসের ১৭ তারিখ থেকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তৃতীয় কমিটিতে আলোচনা হবে। ইউরোপীয় পার্লামেন্ট তথ্যসন্ধানী মিশন পাঠাবে।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর আগে এই প্রতিবেদক ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রাইফম্যান ও বিশ্ব খাদ্য কর্মসূচির এ-দেশীয় ভারপ্রাপ্ত পরিচালক দীপায়ন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। তাঁদের সবাই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছেন। রোহিঙ্গাদের নিয়ে এখন যে সমস্যা তৈরি হয়েছে, তা দূর করতে কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, এ নিয়ে ব্রিফিংয়ে আলোচনা হয়েছে। কেননা জরুরি ভিত্তিতে নতুন আসা রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার বিকেলে এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।