রাখাইনে নিরাপদ অঞ্চলের আহ্বান পররাষ্ট্রসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন সফল করতে আন্তর্জাতিক বেসামরিক পক্ষের তদারকিতে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। এ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক ই-কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রসচিব এ আহ্বান জানান।


সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, নানামুখী চাপের পরও রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে মিয়ানমারের অবস্থানের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। তাই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত রোহিঙ্গাদের নিষ্পেশিত নিজেদের জনগোষ্ঠীর জন্য উচ্চকণ্ঠ হতে হবে। কারণ তাদের পক্ষে ওই দেশগুলোতে জনমত গঠন করে, বড় পরিসরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা সম্ভব। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে এই অঞ্চলে নানামুখী সমস্যা দেখা দিতে পারে।

‘প্রবাসী রোহিঙ্গাদের সঙ্গে সংযুক্তি: বৈশ্বিক বাস্তুচ্যুতির ওপর গুরুত্বারোপ’ শিরোনামে অনলাইনে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস), বেসরকারি সংস্থা একশনএইড এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে)।

জুম ও ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, সৌদি আরব, থাইল্যান্ড, দি নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গারা সম্মেলনে অংশ নেন।

পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের জন্য অনির্দিষ্ট সময়ের জন্য ব্যাপক এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। বিপুলসংখ্যক জনগোষ্ঠী দীর্ঘ সময় জুড়ে অবস্থানের ফলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জনসংখ্যা, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা, সরকারি অবকাঠামো এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব পড়তে পারে। দুঃখজনক হলেও সত্যি, টেকসই সমাধানের জন্য বাংলাদেশের অব্যাহত চেষ্টার পরও মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হচ্ছে না। রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান নভেম্বরের নির্বাচন পুরো প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করতে পারে।

মাসুদ বিন মোমেন বলেন, রাখাইনে সহায়ক পরিবেশ ফিরে না আসায় রোহিঙ্গারা ফিরে যেতে ভয় পাচ্ছে। রোহিঙ্গারা ফিরে গিয়ে নিরাপদে থাকবে—এমন একটি অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। আর সেটি পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক বেসামরিক পক্ষ। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে।

রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ সুগম করতে পররাষ্ট্রসচিব বেশ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান। অপরাধের আলামত নষ্ট না করার লক্ষ্যে মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ভূমি ও সম্পদ দখল করে সেখানকার ভূমিতে কোনো পরিবর্তন না আনে, সেটা তাদের দেখা দরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শিবির বন্ধ করে দেওয়া হয়। রাখাইনে ফেরার পর রোহিঙ্গাদের জীবিকার ব্যবস্থা করা প্রয়োজন, যাতে করে তারা সেখানে ফিরে চলাচলের স্বাধীনতা ও মৌলিক সুবিধা পায়।

মাসুদ বিন মোমেন মনে করেন, রোহিঙ্গাদের জবাবদিহি নিশ্চিতের জন্য যে আইনি প্রক্রিয়া চলমান আছে সেটি দীর্ঘায়িত হতে পারে। দীর্ঘ সময় অপেক্ষা করলে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে পড়বে। তাই দ্রুত প্রত্যাবাসনের স্বার্থে তাদের যৌক্তিক ও নমনীয় হতে হবে। স্থানীয়ভাবে আত্মীকরণ এবং তৃতীয় দেশে স্থানান্তরের মতো সম্ভাব্য বিকল্প ব্যবস্থার আগে নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছা প্রত্যাবাসনে অগ্রাধিকার দিতে হবে। শিবিরের ওপর চাপ কমাতে ভাসানচরে অস্থায়ীভাবে বসবাসের বিষয়টিকে বিবেচনায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন সফল করতে আন্তর্জাতিক বেসামরিক পক্ষের তদারকিতে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। এ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ছবি: সংগৃহীত

মাসুদ বিন মোমেন বলেন, প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মাঝে হতাশা বাড়ছে। সাগরে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে রোহিঙ্গাদের বিদেশ পাড়ির চেষ্টা ওই হতাশার প্রতিফলন। নিপীড়িত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা পূরণ না হলে তাদের উগ্রপন্থা, ব্যাপক আকারে মানব পাচার ও ব্যাপক হারে নিপীড়নের শিকারের ঝুঁকি থাকে। এই সমস্যা দীর্ঘায়িত হলে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় হবে। এ সমস্যার টেকসই সমাধানের জন্য বিশ্বের নানা দেশে অবস্থানরত রোহিঙ্গারা সেখানকার নীতি নির্ধারণী পর্যায়ে মতামত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

গাম্বিয়ার সলিসিটার জেনারেল ও আইন সচিব চেরনো মারিনা বলেন, ‘আলোচনার শুরুতেই সবাইকে আশ্বস্ত করতে চাই গাম্বিয়ার সাবেক আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবকর তামবাদু বিদায় নেওয়ায় রোহিঙ্গাদের অধিকার সুরক্ষায় আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে, এটা ভাবার সুযোগ নেই। আমাদের অবস্থানের ন্যূনতম পরিবর্তন হয়নি। ইতিহাসের তাগিদ, স্বাধীনতার জন্য আমাদের পূর্ব-পুরুষের অবদান সব বিষয়কে বিবেচনায় নিয়েই আমরা রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গিয়েছি।’

চেরনো মারিনা বলেন, মানবাধিকারের পক্ষে গাম্বিয়া সব সময় উচ্চকণ্ঠ বলে গাম্বিয়াকে আফ্রিকাতে মানবাধিকারের রাজধানী বলা হয়ে থাকে। তাই পৃথিবীতে যেখানেই মানবাধিকারের লঙ্ঘন ঘটে, গাম্বিয়া নিজেদের অবস্থানের ঘোষণা দেয়। তিনি বলেন, ‘দেশের ২২ বছরের সেনা শাসনও গাম্বিয়াকে মানবাধিকারের ব্যাপারে উচ্চকণ্ঠ হতে উৎসাহিত করেছে। বিশেষ করে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রবাসী গাম্বিয়াবাসীর ভূমিকা ছিল অভূতপূর্ব। তারা বিভিন্ন দেশে উচ্চকণ্ঠ হয়ে আন্দোলনের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশে জনমত গঠনে ভূমিকা রেখেছেন। রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বলতে পারি, আইসিজে যখন বিচার প্রক্রিয়া চলছিল, আদালতের বাইরে প্রবাসী রোহিঙ্গাদের অবস্থান সহায়ক ভূমিকা রেখেছে। কারণ তারাই তো গণহত্যা আর নৃশংসতার শিকার হওয়া লোকজনের স্বজন। তাই আমরা মনে করি, রোহিঙ্গাদের অধিকার সুরক্ষায় কক্সবাজারের রোহিঙ্গাদের সঙ্গে প্রবাসী রোহিঙ্গাদের মাঝে সংযোগের গুরুত্ব অপরিসীম। তারাই শিবিরের লোকজনের কণ্ঠ হিসেবে সারা বিশ্বে কাজ করবেন।’
চেরনো মারিনা জানান, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলার পূর্ণাঙ্গ মামলার শুনানির জন্য নথিপত্র চূড়ান্ত করার কাজে ব্যস্ত রয়েছেন আইনজীবীরা। নথি চূড়ান্ত হলে তা আদালতে জমা দেওয়া হবে।

দুই দিনের সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে সিজিএসের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা গণহত্যা লুকানো ছিল, যা ২০১৭ সালে বের হয়ে এসেছে। আইসিজের অন্তর্বর্তী আদেশটি হয়েছে সর্বসম্মতভাবে। সেখানে রোহিঙ্গাদের ‘রোহিঙ্গা’ নামেই ডাকা হয়েছে। এটি তাদের জন্য বড় বিজয়। কাজেই মিয়ানমারের পক্ষে তাদের সেই পরিচয় অস্বীকারের সুযোগ নেই। তাদের আত্মপরিচয়ের স্বীকৃতি সংকট সমাধানের গুরুত্বপূর্ণ উপাদান।

ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সমস্যাটিকে অনেকে মনে করেন এটি বাংলাদেশ আর মিয়ানমারের সমস্যা। ২০১৭ সালে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছেন। তেমনি অতীতে অনেকে গণহত্যা আর নৃশংসতা থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এটা খুব স্পষ্ট হয়ে যাবে দুই দিনে যে, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। তাই রোহিঙ্গাদের অধিকার সুরক্ষায়, সংকটের সমাধানে বিদেশে থাকা রোহিঙ্গাদের ভাষ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান ও অতীতের মেলবন্ধনও এখানে গুরুত্বপূর্ণ।

অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকটের গত কয়েক বছরের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়েছে যে প্রবাসী রোহিঙ্গাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের এগিয়ে আসতে হবে। কক্সবাজারের শিবিরে যারা আছেন সেই সব রোহিঙ্গারা বৈশ্বিক নেতাদের কাছে পৌঁছাতে পারেন না। প্রবাসী রোহিঙ্গাদের সেখানে ভূমিকা রাখার সুযোগ আছে। প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কণ্ঠস্বরের ক্ষেত্রে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সূচনা বক্তৃতায় সিপিজের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান বলেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান জরুরি ভিত্তিতে আঞ্চলিক, আন্তর্জাতিক সব পক্ষের এক সঙ্গে উদ্যোগ নেওয়া উচিত। কারণ রোহিঙ্গা সমস্যার সঙ্গে অমানবিক বিষয়ের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও জড়িত। তাদের মাঝে অসন্তোষের দরুন আঞ্চলিক অসন্তোষের ঝুঁকির বিষয়টি জড়িত।

সম্মেলনের প্রথম দিনের প্রথম কর্ম অধিবেশনে কানাডায় বসবাসরত রোহিঙ্গা মানবাধিকার কর্মী ইয়াসমিন উল্লাহ, সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মোরাদ আল শাফি ও জাপানের গাকুশুয়েন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিছিমি মুরানুশি প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় ওই কর্ম অধিবেশনে আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোবাল পলিসির পরিচালক আজিম ইব্রাহিম।
দ্বিতীয় কর্ম অধিবেশনে ব্যারিস্টার মনজুর হাসানের সঞ্চালনায় নির্ধারিত আলোচক ছিলেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক কে এ এম মোরশেদ।