রাখাইনে বাড়ছে সেনা উপস্থিতি

>
- রোহিঙ্গাদের অন্তত ৬০০ একর আবাদি জমিতে বিজিপির নতুন ঘাঁটি তৈরির প্রস্তুতি।
- রোহিঙ্গাদের রাখাইনে ফেরার অনুকূল পরিবেশ কবে ফিরবে তা নিয়ে সংশয়।
- শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে ২৮৩ রোহিঙ্গা এসেছে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার ও বাংলাদেশ যখন আলোচনা করছে, সে সময় আবার দেশটির সেনাবাহিনী নতুন করে রাখাইনে সেনা সমাবেশ শুরু করেছে। আবার ওই রাজ্যের বুথিডংয়ের আলে চং গ্রামে রোহিঙ্গাদের অন্তত ৬০০ একর আবাদি জমিতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) নতুন ঘাঁটি তৈরির প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার অনুকূল পরিবেশ কবে ফিরবে তা নিয়ে সংশয় জোরালো হচ্ছে।
আমাদের টেকনাফ প্রতিনিধি জানান, গতকাল শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন করে ২৮৩ রোহিঙ্গা এসেছে। নতুন আসা এসব রোহিঙ্গা জানায়, রাখাইনের সীমান্ত এলাকার গ্রামগুলোতে নতুন করে মিয়ানমারের সেনাবাহিনী এসেছে। বিভিন্ন গ্রামে পরিখা (বাংকার) খনন করছে সেনারা।
রাখাইনে নতুন করে মিয়ানমারের সেনা সমাবেশের বিষয়টি সম্পর্কে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে একই রকম তথ্য আছে। কক্সবাজারে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আবদুল খালেক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দু-এক দিন ধরে মিয়ানমার সীমান্তে তাদের সেনারা বাংকার খনন ও অতিরিক্ত সেনা সমাবেশ করছে এমন তথ্য শোনা যাচ্ছে। পুরো কক্সবাজার সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তচৌকিগুলোতে বিজিবির জওয়ানও বাড়ানো হয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
মিয়ানমারের সংবাদ সাময়িকী ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরাবতী’তে গত শুক্রবারের এক খবরে রাখাইনে মিয়ানমারের সীমান্তরক্ষীদের জন্য নতুন করে ঘাঁটি তৈরির জন্য রোহিঙ্গাদের জমি দখল করার কথা বলা হয়েছে। মংডু এবং ইয়াঙ্গুনে বেশ কয়েক বছর ধরে কর্মরত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রচার করা হয়েছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণকেন্দ্রে গতকাল দুপুরে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধির কথা হয় মিয়ানমারের বুচিডংয়ের লামারপাড়া থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে। তারা গতকাল ভোরে নৌকায় সাগর পাড়ি দিয়ে টেকনাফে ঢোকে। রোহিঙ্গারা জানায়, গত বছরের নভেম্বরে গ্রাম ছেড়ে পালিয়ে তারা প্রথমে পাহাড়ে আশ্রয় নেয়। কিছুদিন পর আশ্রয় নেয় মংডু শহরের দংখালী বালুরচরে। সেখানে অস্থায়ী কাঠামো বানিয়ে এত দিন বসবাস করছিল। খাবার ও পানির সংকট দেখা দিলেও জন্মভূমি ছেড়ে আসতে চায়নি তারা। কিন্তু গত শুক্রবার থেকে আবারও বিপুল সংখ্যায় সেনাসদস্য মংডুতে আসতে শুরু করে। সীমান্ত এলাকার যেসব গ্রাম এখন রোহিঙ্গাশূন্য, সেখানে তারা তাঁবু তৈরি করছে। মাটিতে গর্ত খুঁড়ছে। এসব দেখে ভয়ে তারা দেশ ছেড়েছে।
তবে রাখাইনে নতুন করে সেনা সমাবেশ, সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ঘাঁটি তৈরির জন্য রোহিঙ্গাদের জমি দখল—এসব নিয়ে জানতে চাইলে বাংলাদেশের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি। তবে শুক্রবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে তাঁদের কেউ কেউ মনে করেন।
প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের পরিবারভিত্তিক তালিকা দেওয়া আর শূন্যরেখায় আটকে থাকা সাড়ে ছয় হাজার রোহিঙ্গাকে সরাতে আলোচনা ছাড়া আর এমন কী হলো যেটাকে ইতিবাচক বিবেচনা করা যায়—এ বিষয়ে প্রশ্ন করা হলে এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা আছে কি না তা নিয়ে ওই বৈঠকে প্রশ্ন তুলেছে মিয়ানমার। তাদের ভাষ্য, মিয়ানমারের সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী বুচিডং ও মংডুতে মুসলিম জনগোষ্ঠীর ৭ লাখের কিছু বেশি লোক সেখানে ছিল। ফলে বাংলাদেশ ১০ লাখের সংখ্যা কীভাবে বলছে? তারা বলেছে, এ নিয়ে একটি তদন্ত হওয়া উচিত। তবে যে বিষয়গুলোতে বাংলাদেশ জোর দিতে চেয়েছে, সেগুলো খুব স্পষ্ট করেই মিয়ানমারকে বলেছে। বিশেষ করে শূন্যরেখায় আটকে থাকা রোহিঙ্গাদের আগে সরানো, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সীমান্তের কাছে কৌশলগত অবস্থান নেওয়া—এগুলো বাংলাদেশ তুলে ধরেছে। এমনকি জঙ্গি সংগঠন আরসার ১ হাজার ৩০০ সদস্যের নামের তালিকা সম্পর্কেও বাংলাদেশ খোলাখুলি কথা বলেছে। নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ এখানে মিয়ানমারকে সহযোগিতা করতে চায়। কিন্তু শুধু ছবি আর গ্রামের নাম দিলেই তো চলবে না। যাদের তালিকা দেওয়া হয়েছে, তাদের অতীত কার্যকলাপের পরিসংখ্যান দিতে বলেছে বাংলাদেশ।