রাখাইনে রোহিঙ্গাদের আরেক বিপদ 'ওগাটা'
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সফরের পর সেখানে সেনা-পুলিশের অভিযান জোরদার হয়েছে বলে অভিযোগ করেছেন পালিয়ে আসা রোহিঙ্গারা। তাঁদের অভিযোগ, রাখাইনে রোহিঙ্গাদের কাছে এখন আরেক বিপদ কর্তৃপক্ষের নিযুক্ত ‘ওগাটা’ বা গ্রাম সরদার। তাঁরা বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) নামে রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজি করছেন।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার দুটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের তথ্য অনুযায়ী, গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোররাত পর্যন্ত আরও প্রায় দুই হাজার রোহিঙ্গা কক্সবাজারে ঢুকেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময়ে রোহিঙ্গাবোঝাই চারটি নৌকাকে ঢুকতে বাধা দিয়ে মিয়ানমারে ফিরতে বাধ্য করেছে।
রাখাইনে ওগাটার কাজ হলো এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করা। লোকজনের খোঁজখবর রাখা, তাদের অভাব-অভিযোগ তুলে ধরা। রাখাইন থেকে টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গা বলেন, মংডুর আশপাশের ২৩টির বেশি গ্রামে থাকা অন্তত ২৫ জন ওগাটার প্রায় ১২ জন রোহিঙ্গা। চাপে পড়ে রোহিঙ্গা ওগাটারাও চাঁদাবাজিতে নেমেছেন। চাঁদা আদায়ে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে পোয়াংখালির ওগাটা কামাল হোসেন নিখোঁজ রয়েছেন।
পোয়াংখালি থেকে পালিয়ে টেকনাফে আসা মো. ইয়াছিনও (৩৫) ওগাটাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করলেন। তিনি বলেন, ৫০ হাজার কিয়ত (মিয়ানমারের মুদ্রা) দিতে না পারায় তাঁর বাবা আবদুস শুক্কুরকে হত্যা করা হয়েছে। পুলিশের গুলিতে আহত (পায়ে গুলিবিদ্ধ) স্ত্রী রহিমা খাতুনকে নিয়ে তিনি টেকনাফে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন লেদা অনিবন্ধিত শিবিরে। ওগাটার আবদার না রাখায় রোববার বিকেলে পুলিশ তাঁর বোন রহিমা, ভগ্নিপতি আবুল ফয়েজ, ভাগনে সাদ্দামসহ পাঁচজনকে ধরে নিয়ে গেছে। ফয়েজ ওই এলাকার ধনাঢ্য ব্যবসায়ী।
রোহিঙ্গারা বলছেন, রোববার বিকেলে কয়েক শ সেনা ও পুলিশ অভিযান চালায় মংডুর দক্ষিণের গ্রাম পোয়াংখালি, মেরুল্যা, চারকুম্ভ ও ওয়েটারপাড়ায়। পুলিশ গুলিবর্ষণ করে। আগুনে জ্বালিয়ে দেয় ১৩টি বাড়ি। ২৫ জন পুরুষকে গাড়িতে তুলে পাঠানো হয় বুচিদং কারাগারে। ওগাটারাও পুলিশের সঙ্গে ছিলেন।
রোহিঙ্গাদের দাবি, এ পর্যন্ত ৬০০ রোহিঙ্গাকে বুচিদং ও আকিয়াব কারাগারে পাঠানো হয়েছে। ওগাটার নির্দেশে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে রোহিঙ্গাদের ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন মেরুল্যা গ্রাম থেকে আসা জমির উদ্দিন।
হাতিপাড়ার কয়েকজন রোহিঙ্গা বলেন, কফি আনানের মংডু সফরের পর ওগাটাদের দৌরাত্ম্য বেড়েছে।
আরও দুই হাজার রোহিঙ্গা ঢুকেছে: নাফ নদীর পাশাপাশি স্থলপথে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়েও রোহিঙ্গারা আসছে। রোববার রাত ১০টা থেকে গতকাল ভোররাত ৪টা পর্যন্ত টেকনাফ ও উখিয়ায় অন্তত দুই হাজার রোহিঙ্গা ঢুকেছে।
উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, এই শিবিরে নতুন ঢুকেছে অন্তত এক হাজার রোহিঙ্গা। গত এক মাসে টেকনাফ ও উখিয়ায় ঢুকেছে প্রায় ২০ হাজার রোহিঙ্গা। এর মধ্যে কুতুপালং শিবিরে ঢুকেছে প্রায় ১২ হাজার।
টেকনাফের লেদা অনিবন্ধিত শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, এই শিবিরে গতকাল ঢুকেছে প্রায় ৬০০ রোহিঙ্গা। আরও চার শতাধিক রোহিঙ্গা উখিয়া ও কক্সবাজারের দিকে চলে গেছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, ভোরে টেকনাফে ঢোকার সময় রোহিঙ্গাবোঝাই চারটি নৌকাকে প্রতিরোধ করে বিজিবি। এর বাইরে রোহিঙ্গা ঢোকার ঘটনা তাঁর জানা নেই।
সূত্র বলেছে, প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জনের মতো শিশু, নারী ও পুরুষ ছিল। এসব নৌকা মিয়ানমারের দিকে ফিরে গেছে।
নৌকাডুবি: বার্তা সংস্থা এএফপি জানায়, নাফ নদীতে গতকাল রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে তাঁরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। সুমন দাস নামের বাংলাদেশি এক জেলে জানান, তিনি এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছেন। ওই নারী তাঁকে জানিয়েছেন, মিয়ানমার বাহিনীর স্পিডবোট তাঁদের নৌকাটি ধাওয়া করেছিল। এ সময় অতিরিক্ত লোকবোঝাই নৌকাটি ডুবে যায়।
রোহিঙ্গাদের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, নৌকাডুবির ঘটনায় ১৩ নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। নাফ নদীর মিয়ানমার অংশে ভেসে যাওয়া ওই মরদেহগুলোর দুটিতে গুলির আঘাতের চিহ্ন ছিল।
আর বার্তা সংস্থা ইউএনবি স্থানীয় এক গ্রাম কাউন্সিলরের বরাত দিয়ে বলেছে, নৌকাটিতে ৩১ জন রোহিঙ্গা ছিল।