রাগ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে যায় শিশুটি
নিখোঁজের পাঁচ মাস পর একটি শিশুকে (১১) কক্সবাজার থেকে গত বুধবার রাতে উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। শিশুটি পরিবারের বড়দের সঙ্গে রাগ করে একাই কক্সবাজার চলে যায়।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়। এই ঘটনায় তার মা সুপ্রিয়া দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শিশুটির খোঁজ পাওয়া যায়নি। গত মাসে মামলাটি তদন্তের জন্য থানা থেকে নগর গোয়েন্দা পুলিশে আসে। তদন্ত করতে গিয়ে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজার সদর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারে গিয়ে একটি পরিবারে কাজ নেয়। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। পরে শিশুটিকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেন আদালত।