রাগ করে সংবাদ সম্মেলন ছাড়লেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে একমত হতে পারেননি সাবেক প্রধান বিচারপতি ও কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক এবং কমিশনের এক সদস্য এম শাহ্ আলম। এ জন্য রাগ করে সংবাদ সম্মেলন থেকে উঠে চলে গেলেন বিচারপতি খায়রুল হক।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত আইন কমিশনের সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।
গতকাল সংবাদ সম্মেলনের প্রথমে ২০১৪ সালে আইন কমিশনের কার্যক্রম ও ২০১৫ সালে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিচারপতি খায়রুল হক। এ সময় কমিশনের দুই সদস্য এম শাহ্ আলম ও বিচারপতি এ টি এম ফজলে কবীর উপস্থিত ছিলেন। বিচারপতি খায়রুল হক বলেন, গত বছর আইন কমিশন বৈষম্য নিরোধ আইন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশোধনসহ নয়টি সুপারিশ সরকারকে পাঠিয়েছে। আর এ বছর চিকিৎসায় অবহেলা প্রতিরোধ, খাদ্য অধিকার প্রভৃতি আইনের সুপারিশ পাঠানোর পরিকল্পনা রয়েছে। চেয়ারম্যানের মূল বক্তব্য উপস্থাপনের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় এক সাংবাদিক জানতে চান, গত বছর আইন কমিশন যতগুলো আইনের খসড়া ও বিদ্যমান আইনের সংশোধনের সুপারিশ করেছে, এগুলোর বিষয়ে সরকার কী জানিয়েছে? জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, সরকার এসব বিষয়ে কিছু জানায়নি, আর সরকারের অবস্থান জানতে চাওয়ার কোনো সুযোগ আইন কমিশনের নেই। এ বিষয়ে জানতে তিনি সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এ সময় শাহ্ আলম বলেন, তিনি ছয় বছর ধরে কমিশনের সদস্য। এ সময়ে আইন কমিশন নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংশোধনের ৩৯টি সুপারিশ পাঠিয়েছে। কিন্তু একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি।
এতে ভিন্নমত জানিয়ে বিচারপতি খায়রুল হক জানান, শাহ্ আলমের এই বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। শাহ্ আলম বলেন, এটা তাঁর মত নয়, এটা সত্য ঘটনা। আর আইন কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জাতীয় সংসদকে জানাতে সরকার বাধ্য।
এ নিয়ে বিচারপতি খায়রুল হক ও শাহ্ আলমের মধ্যে কিছুক্ষণ তর্ক-বিতর্ক চলে। একপর্যায়ে বিচারপতি খায়রুল হক সংবাদ সম্মেলন ত্যাগ করে চলে যান। অন্য দুই সদস্য তাঁকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
এ বিষয়ে জানতে চাওয়ার জন্য যোগাযোগ করা হলে গতকাল রাতে বিচারপতি খায়রুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে এম শাহ্ আলম প্রথম আলোকে বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কমিশনে আমরা সবাই মিলে ভালোভাবে কাজ করছি।’ বিচারপতি ফজলে কবীরও এ ঘটনাকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।