রাগীব আলী ও তাঁর ছেলে জামিন পাননি
তারাপুর চা-বাগানের জমি আত্মসাতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় দণ্ডিত শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন চেয়ে তাঁদের করা আবেদনটি গতকাল বৃহস্পতিবার নিষ্পত্তি করে আদেশ দেন।
আদালতে রাগীব আলী ও তাঁর ছেলের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
আদেশের পর মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, হাইকোর্টে তাঁদের জামিন হয়নি। দুজনের করা জামিন আবেদন নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্ট দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁদের করা বিচারাধীন আপিল নিষ্পত্তি করতে বলেছেন।
রাগীব আলী ও তাঁর ছেলের আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁদের করা আপিল বিচারাধীন। এই আপিল বিচারাধীন থাকায় জামিন চেয়ে আবেদন করা হয়। হাইকোর্ট জামিন আবেদন নিষ্পত্তি করে দিয়ে সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতকে ১৭ আগস্টের মধ্যে আপিল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন, তা না হলে তাঁদের জামিন বিবেচনা করতে বলেছেন।
মামলা সূত্রে জানা যায়, দেবোত্তর ওই সম্পত্তি আত্মসাতের জন্য জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ সৃজনের অভিযোগে ২০০৫ সালের ২ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন সহকারী কমিশনার (ভূমি)। এ মামলায় চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রায় দেন। রায়ে চারটি ধারায় তাঁদের ১৪ বছরের কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করায় কার্যত তাঁদের ছয় বছর কারাদণ্ড হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী ও গত ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে গ্রেপ্তার হন আবদুল হাই। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি দণ্ডিত রাগীব আলী ও তাঁর ছেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। এই আপিলে তাঁরা জামিন চাইলে গত ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে তা নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিন চেয়ে তাঁরা আবেদন করেন, শুনানি নিয়ে গতকাল তা নিষ্পত্তি করে আদেশ দেওয়া হয়।