রাগীব আলী ও তাঁর ছেলের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগীব আলী
রাগীব আলী

ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা–বাগানের ভূমি আত্মসাতের মামলায় শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের জামিন বহাল রয়েছে। তাঁদের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর ফলে তাঁদের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

দেবোত্তর সম্পত্তি আত্মসাতের জন্য জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরির অভিযোগে ২০০৫ সালের ২ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সহকারী কমিশনার (ভূমি)। এ মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রায় দেন। রায়ে চারটি ধারায় তাঁদের ১৪ বছরের কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর আগে গত বছরের ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী ও গত ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে গ্রেপ্তার হন আবদুল হাই।