রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে সমন জারি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে ওই দুজনের বিরুদ্ধে জনস্বার্থমূলক একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই সমন জারি করেন। মামলাটি করেন শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াসউদ্দিন তালুকদার।
বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত দণ্ডবিধির ৪১৭ ধারায় অপরাধ আমলে নিয়ে রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ৯ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে দুজনকে আদালতে হাজির হতে হবে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তারাপুর চা-বাগান দখল ও আত্মসাতের মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও ছেলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার খবরটি আঞ্চলিক সব দৈনিক পত্রিকা ছাড়াও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু সিলেট থেকে প্রকাশিত সিলেটের ডাক এই সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে। রাগীব আলী ওই পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি। তাঁর ছেলে আবদুল হাই সম্পাদক।
বাদী নিজেকে সিলেটের ডাক-এর একজন নিয়মিত পাঠক উল্লেখ করে বলেন, রাগীব আলী ও আবদুল হাই পত্রিকার মালিক ও সম্পাদক থাকায় নিজের অপরাধ ঢাকতে পত্রিকাকে ব্যবহার করেছেন। পাঠককে ঠকানোর এ বিষয়টি প্রতারণার শামিল।
এর আগে ১০ আগস্ট মহানগর বিচারিক হাকিম আদালতে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান দখল ও প্রতারণা করে সরকারের হাজার কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগের মামলায় রাগীব আলী ও আবদুল হাইসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ছেলেকে নিয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান। আদালতে ওই দুটি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য রয়েছে ১৯ সেপ্টেম্বর।
গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর দায়ের করা জালিয়াতি ও প্রতারণার দুটি মামলা সক্রিয় করার নির্দেশও দেওয়া হয়।