রাগীব আলী, তাঁর ছেলেমেয়েসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালিয়াতির মাধ্যমে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগান দখল করে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের দুটি মামলায় রাগীব আলী, তাঁর ছেলেমেয়েসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা অভিযোগপত্র উপস্থাপন করা হলে শুনানি শেষে বিচারক মো. সাইফুজ্জামান হিরো সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত ২৩ আগস্ট এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলার আসামি রাগীব আলী (৭৫) এবং তাঁর একমাত্র ছেলে আবদুল হাই (৪৫), প্রতারণার মামলায় ওই দুজন ও রাগীব আলীর মেয়ের জামাই আবদুল কাদির (৫৫), মেয়ে রুজিনা কাদির (৪৮), রাগীবের আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ (৫৫) এবং তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত। গত ১০ জুলাই পিবিআইয়ের দাখিল করা অভিযোগপত্রে তাঁদের অভিযুক্ত করা হয়েছিল।
অভিযোগপত্রে রাগীবের স্ত্রী রাবেয়া খাতুন ২০০৬ সালের ১২ ডিসেম্বর মৃত্যুবরণ করায় তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল। গতকাল অভিযোগপত্র গ্রহণকালে আদালত ওই সুপারিশ মঞ্জুর করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্তে তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরবর্তী সময়ে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল কাদের বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। মামলায় রাগীব আলীসহ আসামিরা হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়। এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়। পরে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।
গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এতে ওই দুটি মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। উচ্চ আদালতের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো মামলা দুটির তদন্তের নির্দেশ দেন। তদন্তে তিন দফা সময় বাড়ানোর পর সর্বশেষ পর্যায়ে আদালত পিবিআইকে ১০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন। এর এক মাস আগেই গত ১০ জুলাই দুটি মামলার অভিযোগপত্র দাখিল করে পিবিআই।
সিলেট নগরের পাঠানটুলার উপকণ্ঠে ৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগানটি দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রায় বাস্তবায়ন করতে উচ্চ আদালত থেকে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ায় গত ১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা বাদে ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। রায়ের পরবর্তী নির্দেশনা বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা ১৩ আগস্টের মধ্যে সরাতে গণবিজ্ঞপ্তি জারি করে।
ক্ষতিপূরণ আদায়ের দাবি এলাকাবাসীর: তারাপুর চা-বাগান দখলের পর প্লট তৈরি করে অবৈধভাবে আবাসিক এলাকা গড়ে তোলা ও কেনাবেচার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য রাগীব আলীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার দাবিতে সভা করেছেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত তারাপুর মৌজার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত সভায় এ দাবির পাশাপাশি রাগীব আলীর বিচারেরও দাবি করা হয়।