সিলেটে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাগীব আলীর দখল থেকে মুক্ত দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান থেকে মেডিকেল কলেজ, হাসপাতালসহ আবাসিক কোনো স্থাপনা সরেনি। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা সরাতে জেলা প্রশাসনের দ্বিতীয় দফা গণবিজ্ঞপ্তির বেঁধে দেওয়া সময় অতিবাহিত হয়েছে গতকাল রোববার। গতকাল দিনভর নগরের পাঠানটুলা থেকে দর্শনদেউড়ি পর্যন্ত তারাপুর চা-বাগান এলাকায় যাওয়ার বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে এলাকার নারী-পুরুষ বিক্ষোভ করেছেন।
‘আমরা সিলেটবাসী’, ‘তারাপুরবাসী’সহ বিভিন্ন ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন নারী-পুরুষেরা। এর আগে শুধু মানবিক কারণে স্থাপনা রক্ষার আকুতি জানালেও এবার তাঁরা জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই ভারতে পালানো রাগীব আলীর বিচারও দাবি করছেন। পাশাপাশি তারাপুর এলাকায় রাগীব আলীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
গতকাল সরেজমিনে দেখা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৮ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা দিয়ে তারাপুর চা-বাগানে যাওয়ার প্রায় তিনটি রাস্তার মুখে অবস্থান কর্মসূচি চলছে। এতে নগরের আম্বরখানা মোড় থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট মোড় পর্যন্ত সারা দিনই যানজট লেগেছিল।
তারাপুর চা-বাগান এলাকায় গিয়ে দেখা যায়, চা-শ্রমিকেরা কাজ করছেন। তবে রাগীব আলীর স্থাপন করা হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ছাত্রাবাসসহ কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় একধরনের সুনসান নীরবতা। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রশাসনিক দপ্তরে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অধ্যক্ষও তাঁর দপ্তরে ছিলেন না।
দ্বিতীয় দফা গণবিজ্ঞপ্তির পরও কোনো স্থাপনা না সরায় জেলা প্রশাসন অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় দফার গণবিজ্ঞপ্তিতে ১৩ আগস্টের মধ্যে সব অবৈধ স্থাপনা সরাতে বলা হয়েছিল। অন্যথায় গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কাজ পরদিন থেকে শুরু করা হবে। আমরা এখন এ প্রক্রিয়ার শুরুর দিকে যাচ্ছি। ইতিমধ্যে আবাসিক বাসাবাড়ি ও রাগীব আলীর স্থাপনা চিহ্নিত করতে জরিপ শুরু হয়েছে।’ সপ্তাহখানেকের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে জেলা প্রশাসক জানান।
জেলা প্রশাসন সূত্র জানায়, ৪২২ দশমিক ৯৬ একর জায়গার তারাপুর চা-বাগান দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ রায় বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসন রাগীব আলীর মেডিকেল কলেজ, হাসপাতালসহ সব অবৈধ স্থাপনা ১৩ আগস্টের মধ্যে সরাতে দ্বিতীয় দফা গণবিজ্ঞপ্তি জারি করে। অন্যথায় গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে ১০ আগস্ট রাগীব আলীসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর পরপরই রাগীব আলী, ছেলে আবদুল হাই, স্ত্রীসহ আরও দুজন জকিগঞ্জের কাস্টমসের ইমিগ্রেশন হয়ে ভারতের করিমগঞ্জে পালিয়ে যান।