রাগীব আলীর আত্মসাৎ মামলার রায় ঘোষণা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার যুক্তিতর্ক শেষে ২৬ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। এরপরই উচ্চ আদালতের নির্দেশনা আসায় রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। 

সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাসুদুর রহমান প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।

আজ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চে আবদুল হাইয়ের পক্ষে ইউসুফ খান আবেদন করেন। সেখানে বলা হয়, আবদুল হাই মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসা দরকার। এর পরিপ্রেক্ষিতে আদালত রাগীব আলীর ছেলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর ওই আদেশ দেন।
ওই আদালতের নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আদেশ দিয়েছিলেন। পরে জানা যায়, তথ্য গোপন করে ওই আবেদন করা হয়। কেননা ২৬ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য রয়েছে। পরে বিষয়টি আদালতকে অবহিত করা হয়। আদালত আগামী রোববার শুনবেন বলে জানিয়েছেন।

মহানগর আদালতের জিআর শাখা সূত্র জানায়, রায় ঘোষণার তারিখ চূড়ান্ত হওয়ার পর উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা আদালতে পৌঁছায়। এতে সিলেটের সিভিল সার্জনের মাধ্যমে রাগীব আলীর ছেলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা দেওয়া হয়। এ পরীক্ষা না হওয়া পর্যন্ত রায় ঘোষণা স্থগিত রাখতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা স্থগিত করা হয়।

সন্ধ্যায় যোগাযোগ করলে আদালতের জিআর শাখায় কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে দুই সপ্তাহ পর আত্মসাৎ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করা হবে।

এর আগে যুক্তিতর্ক উপস্থাপনকালে সিলেট আদালতে উপস্থিত ছিলেন রাগীব আলী, ছেলে আবদুল হাই, জামিনে থাকা তারাপুর চা-বাগানের বৈধ সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত ও ভুয়া সেবায়েত রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ। এ মামলার দুই আসামি রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও তাঁর স্বামী আবদুল কাদির পলাতক।

যুক্তিতর্কে সরকার পক্ষে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফুর আলী, মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এবং সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের পক্ষে আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অংশ নেন। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করা হয়েছিল।

একই আদালতে গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে রাগীব আলীকে মানবিক মুখোশ পরে অবৈধ প্রক্রিয়ায় জনসম্পদ আত্মসাৎকারী বলে আখ্যায়িত করা হয়।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে সিলেটের কোতোয়ালি থানায় দুটো মামলা করেন। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল। তবে গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলা পুনরুজ্জীবিত করে বিচার শুরুর নির্দেশ দেন।

পরে ২২ মার্চ মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফুর আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা পুনরুজ্জীবিত হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে ১০ জুলাই অভিযোগপত্র দাখিল করে। আদালত ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেদিন বিকেলে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে পালিয়ে ভারতের করিমগঞ্জে চলে যান ছেলেসহ রাগীব আলী। ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী ও এর আগে ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে গ্রেপ্তার হন আবদুল হাই।