রাগীব আলীর ছেলে গ্রেপ্তার
আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতে পালানো সিলেটের শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেপ্তার করেছে জেলা ইমিগ্রেশন পুলিশ। গতকাল শনিবার ভারত থেকে সস্ত্রীক দেশে ফেরার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল হাইয়ের বিরুদ্ধে সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির দুই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গত ১০ আগস্ট এই মামলার প্রধান আসামি রাগীব আলীর সঙ্গে ভারতে পালিয়ে যান তিনি। বাবা-ছেলের অনুপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে দুই মামলার বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে আবদুল হাই স্ত্রী সাদিকা জান্নাত চৌধুরী ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে ভারতের করিমগঞ্জ থেকে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আসেন। এ সময় স্ত্রী ও ছেলেকে ছেড়ে দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় তাঁকে।
পুলিশ জানায়, চা-বাগান দখল করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ ও মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে ওই সম্পত্তির বন্দোবস্ত নেওয়ায় প্রতারণার অভিযোগে দুটি মামলায় সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে গত ১০ জুলাই অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে রাগীব আলী ও আবদুল হাই ছাড়াও রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির, জামাতা আবদুল কাদিরসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।
পুলিশ বলেছে, ১০ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান। করিমগঞ্জে আবদুল হাইয়ের শ্বশুরবাড়ি। সেখানে প্রায় তিন মাস থাকার পর গতকাল স্ত্রীকে নিয়ে ফেরেন আবদুল হাই।
গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ-সংক্রান্ত মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে পুলিশের বিশেষায়িত শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনরায় তদন্ত করে ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।
রাগীব আলী ও তাঁর ছেলে ছাড়াও মামলার অপর চার আসামির মধ্যে রাগীব আলীর মেয়ে ও মেয়ের জামাতা পলাতক রয়েছেন। ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে দেবোত্তর সম্পত্তির সেবায়েত সাজা রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ গত ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। অপর আসামি দেবোত্তর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত জামিনে আছেন।
সিলেট মহানগর বিচারিক হাকিম আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মামলার মধ্যে মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে আজ রোববার। একই আদালতে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর ধার্য রয়েছে।