রাগীব আলীর ছেলের অব্যাহতির আবেদন
সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা বাগান দখল করে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন রাগীব আলীর ছেলে আবদুল হাই।
আজ বৃহস্পতিবার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে আবদুল হাইয়ের পক্ষের আইনজীবীরা এ আবেদন করেন। আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। বিচারক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে অব্যাহতির ওই আবেদনের শুনানির জন্য ৪ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান জানান, এর আগে গত ৮ নভেম্বর মামলার অভিযুক্ত অপর আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত অব্যাহতির আবেদন করেছিলেন। দুটো আবেদনের শুনানির পাশাপাশি মামলার অভিযোগ গঠনের শুনানিও ৪ ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর আবদুল হাই ভারতের করিমগঞ্জ থেকে দেশে ফিরলে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তারাপুর চা বাগানের এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় তিনি দুই নম্বর আসামি। প্রধান আসামি তাঁর বাবা রাগীব আলীসহ সব আসামির বিরুদ্ধে গত ১২ আগস্ট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিনই জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান তাঁরা। আবদুল হাই ফিরলেও রাগীব আলী এখনো পলাতক রয়েছেন।
এ ছাড়া মামলার অপর চার আসামির মধ্যে তারাপুর চা-বাগানের বৈধ সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত জামিনে রয়েছেন। রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির, জামাতা আবদুল কাদির পলাতক। দেবোত্তর সম্পত্তির ভুয়া সেবায়েত সাজা রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ গত ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি কারাবন্দী রয়েছেন।
জালিয়াতি করে ভূমি আত্মসাতের অভিযোগে সংসদীয় কমিটির নির্দেশে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী ও তাঁর ছেলেকে আসামি করে মামলা করলে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা নিষ্পত্তি করে।
গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে এ মামলাটিও পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। পুলিশের বিশেষায়িত শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনঃতদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে গত ১২ আগস্ট থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়।