রাগীব আলীর ছেলের অব্যাহতির আবেদন শুনানি ৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন রাগীব আলীর ছেলে আবদুল হাই।
গতকাল বৃহস্পতিবার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য তারিখে আবদুল হাইয়ের পক্ষের আইনজীবীরা এ আবেদন করেন। বিচারক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে অব্যাহতির আবেদনের শুনানির জন্য ৪ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান জানান, এর আগে ৮ নভেম্বর মামলার অপর আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত অব্যাহতির আবেদন করেছিলেন। দুটি আবেদনের শুনানির পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। আবদুল হাইয়ের পক্ষের আইনজীবীরা গতকালও জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২ নভেম্বর আবদুল হাই ভারতের করিমগঞ্জ থেকে দেশে ফিরলে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তারাপুর চা-বাগানের এক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় তিনি ২ নম্বর আসামি। প্রধান আসামি তাঁর বাবা রাগীব আলীসহ সব আসামির বিরুদ্ধে ১২ আগস্ট আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান তাঁরা। ছেলে ফিরলেও রাগীব আলী এখনো পলাতক।
এ ছাড়া মামলার অপর চার আসামির মধ্যে তারাপুর চা-বাগানের বৈধ সেবায়েত পংকজ কুমার গুপ্ত জামিনে রয়েছেন। রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদির পলাতক। দেবোত্তর সম্পত্তির ভুয়া সেবায়েত রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে বর্তমানে কারাবন্দী।
সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার মামলাটি করেছিলেন। রাগীব আলীর প্রভাবে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে।
চলতি বছরের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে এ মামলাটিও পুনরায় তদন্ত করার নির্দেশ দিলে পুলিশের বিশেষায়িত শাখা পিবিআই পুনঃ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে ১২ আগস্ট থেকে বিচারপ্রক্রিয়া শুরু হয়।