রাগীব আলীর ছেলের আবেদন মঞ্জুর, ১০ সাক্ষীর ফের সাক্ষ্য গ্রহণ ৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় সাক্ষ্য দেওয়া ১০ জন সাক্ষী পুনরায় সাক্ষ্য দেবেন। গতকাল মঙ্গলবার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর ১৪ নভেম্বর রাগীব আলীর ছেলে আবদুল হাইকে আদালতে হাজির করা হলে তাঁর পক্ষের আইনজীবী পুনরায় সাক্ষ্য দেওয়ার আবেদন করেন। শুনানি শেষে সাক্ষ্য গ্রহণ করতে আদালত আগামী ৪ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন। মামলায় মোট সাক্ষী ১৪ জন। এর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে অভিযোগপত্র দাখিলের পর গত ১০ আগস্ট এই মামলার দুই আসামি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই দিনই তাঁরা দুজন পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে যান। তাঁদের অনুপস্থিতিতে চলে বিচারকাজ। ১২ নভেম্বর আবদুল হাই করিমগঞ্জ থেকে দেশে ফিরলে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।