রাগীব আলীর জামাতার বাড়িতে জব্দ করার মতো মালামাল মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগীব আলী
রাগীব আলী

*তারাপুর চা–বাগান *দখলে প্রতারণা মামলার সাক্ষ্য গ্রহণ কাল শুরু
সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখলের ঘটনায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়ে ভারতে চলে যাওয়া রাগীব আলী বাড়ির ঠিকানা নিয়েও জালিয়াতি করেছেন বলে ধারণা করছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বাড়ির ঠিকানা সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘রাগীবনগর’ (তালিবপুর) উল্লেখ করা হলেও সেখানে পুলিশ গিয়ে দুটি স্থাপনা ছাড়া অস্থাবর কোনো সম্পত্তি পায়নি। এ কারণে আদালতের নির্দেশ অনুযায়ী দুই আসামির মালামাল জব্দ করার মতো কিছু পায়নি পুলিশ।
গত ২০ সেপ্টেম্বর প্রতারণার মামলার অভিযোগ গঠনের পর পলাতক দুই আসামি রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদিরের মালামাল জব্দ (ক্রোক) করার নির্দেশ দেন আদালত। কাল বৃহস্পতিবার মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য করা তারিখে দুই আসামির মালামাল জব্দ তালিকা আদালতে উপস্থাপন করতে সিলেটের বিশ্বনাথ থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল।
গতকাল মঙ্গলবার বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মালামাল ক্রোকের নির্দেশনা পেয়ে পুলিশ তিন দফা বাড়ির ঠিকানা অনুযায়ী অভিযান চালিয়েছে। তিনবারই ঠিকানা অনুযায়ী বাড়িতে গিয়ে কিছু ক্রিকেট খেলার সামগ্রী ছাড়া আর কিছু পায়নি। আশপাশের লোকজন জানিয়েছেন, এটা তাঁদের বাড়ির ঠিকানা হলেও তাঁরা নিয়মিত শহরে থাকতেন। এখানে কখনো থাকেননি। তাহলে রাগীব আলী ঠিকানা নিয়েও জালিয়াতি করেছেন—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘আমরাও বিভিন্ন সূত্র মারফত নিশ্চিত হয়েছি যে রাগীব আলী বাড়ির ঠিকানায় নয়, সিলেট শহরের মালনীছড়া চা-বাগানের বাংলোয় বসবাস করতেন। এ বিষয়টি লিখিতভাবে আদালতকে জানানো হবে।’ মহানগর বিচারিক হাকিম আদালতের এপিপি মাহফুজুর রহমান বলেন, যেকোনো মামলায় আসামিদের স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়। মামলায় যে ঠিকানা দেওয়া হয়েছে, সেটা ঠিক আছে। এটা রাগীব আলীর স্থায়ী ঠিকানা। আসামিরা হয়তো আগেই বাড়ি থেকে সব মালামাল সরিয়ে নিয়েছেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে তারাপুর চা-বাগান বন্দোবস্ত নেওয়ায় ছেলে, মেয়ে, জামাতাসহ রাগীব আলীর বিরুদ্ধে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের নির্দেশনায় এ মামলার নতুন করে তদন্ত হয়। এতে রাগীব আলীসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে ১০ আগস্ট ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব।