রাগীব আলীর জালিয়াতির সাক্ষ্য দিলেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়ে ভারত চলে যাওয়া সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতি মামলায় সাক্ষ্য দিয়েছেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক ও বর্তমানে উপসচিব এস এম ফয়সল আলমসহ পাঁচজন। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বলেন, এ মামলায় সাক্ষী ১৪ জন। ২৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতি করে বন্দোবস্ত নেন রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী ও আবদুল হাইকে আসামি করে মামলা করলে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা নিষ্পত্তি করে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশও দেওয়া হয়।

উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত এক আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। গত ১০ জুলাই রাগীব আলী ও তাঁর ছেলেকে অভিযুক্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। ১০ আগস্ট দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই তাঁরা পালিয়ে ভারতে চলে যান। এ অবস্থায় দুই আসামির অনুপস্থিতিতে ১৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে গতকাল থেকে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের চিঠি (স্মারক) জালিয়াতির সময় সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন বর্তমান উপসচিব এস এম ফয়সল আলম। গতকাল তিনি সাক্ষ্য দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী শাহনাজ পারভিন, ড্রাফটসম্যান শফিকুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিসের চেইনম্যান মো. সরফউদ্দিন ও তারাপুর চা-বাগানের জায়গা কেনাবেচা হয়েছে মর্মে সাক্ষ্য দেন সিলেটের মদনমোহন কলেজের প্রধান সহকারী অরিন্দম দত্ত।