রাগীব আলীর দুই মামলার অভিযোগপত্র উপস্থাপন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগে রাগীব আলী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা দুই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আজ বুধবার আদালতে উপস্থাপন করা হবে।

আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ১০ জুলাই মামলা দুটির তদন্ত শেষে অভিযোগপত্র সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে দাখিল করেছিল।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির অভিযোগে করা মামলাটির অভিযোগপত্রে রাগীব আলী (৭৫) ও তাঁর একমাত্র ছেলে আবদুল হাইকে (৪৫) অভিযুক্ত করা হয়। আর প্রতারণার অভিযোগে করা মামলায় রাগীব আলী, ছেলে আবদুল হাই, মেয়ের জামাই আবদুল কাদির (৫৫), মেয়ে রুজিনা কাদির (৪৮), রাগীবের আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ (৫৫) ও তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে অভিযুক্ত করা হয়। এই মামলায় রাগীব আলীর স্ত্রী রাবেয়া খাতুন ২০০৬ সালের ১২ ডিসেম্বর মৃত্যুবরণ করায় তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়।

মামলায় অভিযুক্ত হওয়ার পর সেবায়েত পঙ্কজ কুমার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেছিলেন, ‘উচ্চ আদালত যেখানে আমাকে দেবোত্তর সম্পত্তির সেবায়েত হিসেবে কর্তৃত্ব ফিরিয়ে দিয়েছেন, সেখানে আবার আমাকে অভিযুক্ত করা দুরভিসন্ধিমূলক।’ অভিযুক্ত হওয়ার বিষয়টি তিনি আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানান।

আদালত সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করার বিষয়টি ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করে সত্যতা পায়। পরবর্তী সময়ে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার সুপারিশ করে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল কাদের বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। পরে এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয় এবং পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।

গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। একই সঙ্গে স্থগিত করা মামলা দুটি সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়। এরপর ১৬ মার্চ সরকারি কৌঁসুলির (পিপি) এক আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তদন্তের নির্দেশ দেন। তদন্তে তিন দফা সময় বাড়ানোর পর সর্বশেষ ১০ আগস্ট আদালত পিবিআইকে সময় বেঁধে দেন। তার এক মাস আগেই ১০ জুলাই মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে পিবিআই।

সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ গতকাল মঙ্গলবার বলেন, নির্ধারিত সময়ের আগেই অভিযোগপত্র দাখিল করায় আজ ধার্য তারিখে আদালতে তা উপস্থাপন করা হবে।