রাগীব আলীর দুটি মামলার অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের আলোচিত দুটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের বেঁধে দেওয়া সময়ের এক মাস আগে গতকাল রোববার মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান।

রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জালিয়াতির মাধ্যমে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগান দখল করে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ করেছেন।

পৃথক দুটি মামলার মধ্যে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলার অভিযোগপত্রে রাগীব আলী (৭৫) ও তাঁর একমাত্র ছেলে আবদুল হাইকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রাগীব আলী, তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ (৫৫), রাগীব আলীর ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির (৫৫) ও মেয়ে রুজিনা কাদিরকে (৪৮) অভিযুক্ত করা হয়। এ মামলায় আসামি রাগীব আলীর স্ত্রী রাবেয়া খাতুন ২০০৬ সালের ১২ ডিসেম্বর মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রাগীব আলী ও তাঁর ছেলে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন এবং বাকি আসামিরা পলাতক। দুই মামলায় সিলেটের সাবেক জেলা প্রশাসক এস এম ফয়সল আলম, পুলিশের ১৮ জন উপপরিদর্শকসহ ৩৩ জনকে সাক্ষী রাখা হয়েছে।

পিবিআইয়ের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান গতকাল প্রথম আলোকে বলেন, দুই মামলার একটিতে তারাপুর চা-বাগানের বৈধ মালিক (সেবায়েত) পংকজ কুমার গুপ্তকেও অভিযুক্ত করা হয়েছে। তবে দুটি মামলার কোনোটির এজাহারেই তাঁর নাম ছিল না। নাম না থাকা সত্ত্বেও সেবায়েত পংকজ কুমার গুপ্তকে অভিযুক্ত করা প্রসঙ্গে সারোয়ার জাহান বলেন, জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্তে তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরবর্তী সময়ে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল কাদের বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়। পরে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।

গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এতে ওই দুটি মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। উচ্চ আদালতের এ নির্দেশনার বিষয়ে সরকারি কৌঁসুলি একটি আবেদনের মাধ্যমে মুখ্য মহানগর হাকিম আদালতকে জানান ১৬ মার্চ। আদালত আবেদন গ্রহণ করে ২২ মার্চ এক আদেশে সিলেট কোতোয়ালি থানার পুলিশকে তদন্ত করে ৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই দিন আদালত এক আদেশে মামলা দুটির তদন্তভার পিবিআইকে দিয়ে ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পিবিআই ২৫ এপ্রিল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে সময় প্রার্থনা করে। আদালত এক মাস সময় বাড়িয়ে ২৫ মে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। ওই দিন পিবিআই আবারও সময় প্রার্থনা করলে ১৬ জুন সময় দেন। ওই দিনও সময় প্রার্থনা করলে আদালত ২৫ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেদিনও পিবিআই সিলেটের পক্ষ থেকে চতুর্থ দফা সময় বাড়ানোর আবেদন করলে আদালত ব্যাখ্যাসহ আগামী ১০ আগষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস আগেই গতকাল অভিযোগপত্র দাখিল করা হয়। দাখিল করা অভিযোগপত্রের ওপর নির্ধারিত তারিখ ১০ আগস্ট শুনানি হবে বলে আদালত সূত্র জানায়।