রাগীব আলীর পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলীর পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন তাঁর মালিকানাধীন সিলেটের মালনীছড়া চা-বাগানের দুই ব্যবস্থাপক। আজ মঙ্গলবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্য গ্রহণ হয়।
জানুয়ারি মামলার যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেছেন আদালত। মহানগর হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, রাগীব আলীর মালিকানাধীন সিলেটের মালনীছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হোসেন চৌধুরী ও আবদুল মুনিম সাফাই সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। সাফাই সাক্ষ্যে এ দুজন রাগীব আলীকে একজন দানশীল ব্যক্তি বলে অভিহিত করেন। তাঁরা জানান, ১৮ বছর ধরে দুজন চা বাগানে চাকরি করছেন। এ সময়ের মধ্যে রাগীব আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ তাঁরা পাননি। চাকরি জীবনেও রাগীব আলীকে কোনো ধরনের অপরাধ কাজে জড়িত হওয়ার বিষয়ে অবহিত নন। এ সময় সরকার পক্ষের আইনজীবীরা নির্দিষ্ট করে তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে গিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ, সিলেট নগরের কেন্দ্রস্থলে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসের জায়গা জালিয়াতির মাধ্যমে দখল করে মধুবন সুপার মার্কেট নির্মাণের বিষয়টি জানালে, দুই সাক্ষী ‘আমরা জানি না’ বলে এড়িয়ে যান। আদালত পরে মামলার যুক্তি তর্কের তারিখ নির্ধারণ করেন।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটো মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ। ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটো পুনরুজ্জীবিত করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। গত বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল হলে ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়।
আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির দিনই পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে যান রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই। পরে ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী এবং এর আগে ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে তাঁর ছেলে আবদুল হাই গ্রেপ্তার হন। তাঁরা দুজনই বর্তমানে কারাবন্দী। আজ সাফাই সাক্ষ্য গ্রহণকালে আদালতে রাগীব আলী ও তাঁর ছেলে উপস্থিত ছিলেন।