রাগীব আলীর পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য আজ
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার সাফাই সাক্ষ্য গ্রহণ হবে আজ বুধবার।
সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে ৩ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আজ সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানিয়েছেন, সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্কের দিনক্ষণ নির্ধারণ করবেন আদালত।
আদালত সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তির চা-বাগান বন্দোবস্ত নেওয়া এবং চা-ভূমিতে বিধিবহির্ভূত স্থাপনা করার অভিযোগে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন।