রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষী দেবেন দুজন
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলীর পক্ষে আদালতে সাফাই সাক্ষী দেবেন দুজন। আজ বুধবার রাগীব আলীর পক্ষের আইনজীবীরা দুজন সাফাই সাক্ষীর নাম আদালতে দাখিল করে সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো সময়ের আবেদন মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, সাফাই সাক্ষীর জন্য সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেছেন। সাফাই সাক্ষীর তারিখ পরবর্তীতে নির্ধারণ করবেন আদালত।
আদালত সূত্র জানায়, সাফাই সাক্ষী হিসেবে রাগীব আলীর মালিকানাধীন স্থানীয় দৈনিক সিলেটের ডাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও রাগীব আলীর ভাতিজা আবদুল হান্নান এবং রাগীব আলীর মালিকানাধীন মালনীছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হোসেন চৌধুরীর নাম দেওয়া হয়েছে।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন।