রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষী দেবেন দুজন
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলীর পক্ষে আদালতে সাফাই সাক্ষী দেবেন দুজন। গতকাল বুধবার রাগীব আলীর পক্ষের আইনজীবীরা দুজন সাফাই সাক্ষীর নাম আদালতে দাখিল করে সময় প্রার্থনার আবেদন করেন। শুনানি শেষে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো সময় প্রার্থনার আবেদন মঞ্জুর করেছেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, সাফাই সাক্ষীর জন্য সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেছেন। সাফাই সাক্ষীর তারিখ পরবর্তী সময়ে নির্ধারণ করবেন আদালত।
আদালত সূত্র জানায়, সাফাই সাক্ষী হিসেবে রাগীব আলীর মালিকানাধীন স্থানীয় দৈনিক সিলেটের ডাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও রাগীব আলীর ভাতিজা আবদুল হান্নান এবং রাগীব আলীর মালিকানাধীন মালনীছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হোসেন চৌধুরীর নাম দেওয়া হয়েছে।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটো পুনরুজ্জীবিত করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। গত ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল হলে ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হয়।
আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির দিনই পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে গিয়েছিলেন রাগীব আলী ও তাঁর ছেলে। ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী এবং এর আগে ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে আবদুল হাই গ্রেপ্তার হন। তাঁরা দুজনই বর্তমানে কারাবন্দী।