রাগীব আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা: সাক্ষ্য দিলেন ৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগীব আলী
রাগীব আলী

সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা–বাগান দখল করে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পাঁচজন। আজ বুধবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, এ মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২১ জন সাক্ষ্য দিয়েছেন। বাকিদের সাক্ষ্য গ্রহণ করতে ২৩ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ সাক্ষ্য গ্রহণকালে মামলার প্রধান দুই আসামি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই, দেবোত্তর সম্পত্তির ভুয়া সেবায়েত সাজা রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা–বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার দুই আসামি রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদির পলাতক রয়েছেন। দেওয়ান মোস্তাক ও পংকজ গুপ্ত জামিনে রয়েছেন।

তারাপুর চা-বাগান ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত ২ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন এ মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলা দুটি পুনরুজ্জীবিত করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেন।