রাগীব আলীর বিরুদ্ধে আরেক মামলার রায় আজ
সিলেটে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দৈনিক পত্রিকা প্রকাশে প্রতারণার অভিযোগে দায়ের করা আরেকটি মামলার রায় আজ বৃহস্পতিবার দেওয়া হবে। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে গত সোমবার মামলার যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার এ তারিখ ধার্য করেছেন।
একই আদালতে গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে রাগীব আলীর এবং সম্পাদক হিসেবে তাঁর ছেলে আবদুল হাইয়ের নাম ছাপা হয়। পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব প্রতারণামূলকভাবে পালন করে প্রকাশনা আইন লঙ্ঘন হয়েছে—এ অভিযোগে সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার গত বছরের ৮ সেপ্টেম্বর আদালতে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন।