
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে রাগীব আলীর বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার যুক্তিতর্ক পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর বিচারিক হাকিম আদালতে যুক্তিতর্কের শুনানি হওয়ার কথা ছিল।
বিচারক ছুটিতে থাকায় মহানগর বিচারিক হাকিম-১ আদালতে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে হাজির করা হলে বিচারক আগামী ১ ফেব্রুয়ারি যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মুখ্য মহানগর হাকিম আদালতে বিচার চলমান এই মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ হয়। ১৭ জানুয়ারি রাগীব আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক যুক্তিতর্কের দিন ধার্য করেছিলেন।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।