রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতির মামলার যুক্তিতর্ক পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে রাগীব আলীর বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার যুক্তিতর্ক পিছিয়েছে। আজ বৃহস্পতিবার সিলেট মহানগর বিচারিক হাকিম আদালতে যুক্তিতর্কের শুনানি হওয়ার কথা ছিল। বিচারক ছুটিতে থাকায় মহানগর বিচারিক হাকিম-১ আদালতে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে হাজির করা হলে বিচারক আগামী ১ ফেব্রুয়ারি যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, মুখ্য মহানগর হাকিম আদালতে বিচার চলা এ মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়। ১৭ জানুয়ারি রাগীব আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাঁর পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক যুক্তিতর্কের দিন ধার্য করেছিলেন। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ।

গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে মামলা দুটি পুনরুজ্জীবিত করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হয়। ওই দিনই পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে গিয়েছিলেন রাগীব আলী ও তাঁর ছেলে। ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুুলিশের হাতে রাগীব আলী এবং এর আগে ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে আবদুল হাই গ্রেপ্তার হন। তাঁরা দুজনই বর্তমানে কারাবন্দী।