রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণার মামলার রায় ৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগীব আলী
রাগীব আলী

সিলেটে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক অবস্থায় দৈনিক পত্রিকা সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগে করা মামলার রায় আগামী বৃহস্পতিবার। আজ সোমবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর আদালত রায়ের এ দিন ধার্য করেন।

একই আদালতে গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ছেলেমেয়েসহ রাগীব আলীর বিরুদ্ধে তারাপুর চা-বাগান দখল করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অপর একটি মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। রাগীব আলীর ছেলে আবদুল হাই স্বাস্থ্য পরীক্ষার আবেদন করায় এ মামলার রায় ঘোষণা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, এ দুটো মামলায় গত বছরের ১০ আগস্ট আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রাগীব আলী ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান। এ সময় রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং তাঁর ছেলে আবদুল হাইয়ের নাম পত্রিকার সম্পাদক হিসেবে ছাপা হয়। পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করে পাঠকের সঙ্গে প্রতারণা করেছেন—এ অভিযোগে সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার গত বছরের ৮ সেপ্টেম্বর প্রতারণার মামলা করেন। আদালত ওই দিন মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ৪১৭ ধারায় তাঁদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। তবে সমন পাওয়ার পরও জবাব না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত ২৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হয়।

মামলায় পলাতক অবস্থায় দৈনিক পত্রিকা সম্পাদনাজনিত প্রতারণার জন্য রাগীব আলীর ৫৮ বছর ও ছেলে আবদুল হাইয়ের ২৯ বছরের কারাদণ্ডের আবেদন করেছেন বাদী।