রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সেপ্টেম্বরে
সিলেটের তারাপুর চা-বাগান দখল ও দেবোত্তর সম্পত্তির হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় ভারতে পালিয়ে যাওয়া রাগীব আলী ও তাঁর ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর এ শুনানি হবে।
আজ মঙ্গলবার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে দুই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল বিষয়টি উপস্থাপন করা হলে বিচারক মো. সাইফুজ্জামান হিরো অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।
একই সঙ্গে জামিনে থাকা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের জামিন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখেন আদালত।
দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার পৃথক দুটি মামলায় রাগীব আলী, তাঁর ছেলেমেয়েসহ ছয়জনের বিরুদ্ধে ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো। পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন রাগীব আলীর ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, রাগীবের আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত।
পরোয়ানা জারির এক দিন পরেই রাগীব আলী ছেলেকে নিয়ে জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামির মধ্যে তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত ১৭ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।