রাগীব আলীর মামলার বাদীকে সাক্ষ্য দিতে সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়ে ভারত চলে যাওয়া সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি মামলায় সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (বর্তমানে যুগ্ম সচিব) এস এম আবদুল কাদেরের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সাক্ষ্য দিতে না আসায় মামলাটির বাদী হিসেবে তাঁর ব্যাপারে এ আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে এস এম আবদুল কাদের সাক্ষ্য দিতে যাননি। পরে বিচারক মো. সাইফুজ্জামান হিরো সমন জারির আদেশ দেন। আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী তারিখে তাঁকে সাক্ষ্য দিতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, আজ সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আবুল হোসেন। এর আগে ১৩ অক্টোবর এ মামলায় প্রথম দফায় সিলেটের সাবেক জেলা প্রশাসকসহ পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। ওই দিন মামলার বাদী হিসেবে এস এম আবদুল কাদেরকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছিল। তিনি পরে সাক্ষ্য দেবেন বলে আদালতকে লিখিতভাবে জানিয়েছিলেন। আজ সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় পর্যায়েও বাদী আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ মামলায় মোট সাক্ষী ১৪ জন। আজকে পর্যন্ত ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার পরবর্তী তারিখে বাদীকে পুলিশ পাহারায় আদালতে গিয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে।

সিলেট নগরের পাঠানটুলার উপকণ্ঠে অবস্থিত দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে বন্দোবস্ত নেন রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী ও তাঁর ছেলেকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশও দেওয়া হয়।

উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত এক আদেশে পিবিআইকে পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। ১০ জুলাই রাগীব আলী ও তাঁর ছেলেকে অভিযুক্ত করে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ আগস্ট দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই তাঁরা পালিয়ে ভারতে চলে যান। এ অবস্থায় দুই আসামির অনুপস্থিতিতে ১৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।