রাগীব আলীর ১৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় ছেলেমেয়ে-জামাতা ও এক আত্মীয়সহ রাগীব আলীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বিভিন্ন ধারায় রাগীব আলীকে ১৪ বছর এবং বাকি চারজনকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। মামলার অপর আসামি তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, রায়ে রাগীব আলীকে ৪৬৭ ও ৪৬৮ ধারায় ৬ বছর করে ১২ বছর এবং ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে আরও ২ বছরের মোট ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত বাকি চারজনের প্রত্যেককে ৪৬৭ ও ৪৬৮ ধারায় ৭ বছর করে ১৪ বছর এবং ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে মোট ১৬ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তা ছাড়া দণ্ডপ্রাপ্ত পাঁচজনকেই প্রতিটি ধারায় ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে রাগীব আলীর মেয়ে ও জামাতা পলাতক। বাকিরা কারাবন্দী। তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটো মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়। উচ্চ আদালতের নির্দেশে এ দুটো মামলার নতুন করে তদন্ত শেষে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে বিচারকাজ শুরু হয়।

এর মধ্যে গত ২ ফেব্রুয়ারি জালিয়াতির মামলায় রাগীব আলী ও ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত।
গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটো পুনরুজ্জীবিত করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিলেন।
গত বছরের ২২ মার্চ সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলার তদন্ত করে পুলিশের বিশেষায়িত শাখা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) ১০ জুলাই অভিযোগপত্র দাখিল করে। ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
ওই দিন বিকেলে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে গিয়েছিলেন ছেলেসহ রাগীব আলী। ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে রাগীব আলী এবং এর আগে ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে আবদুল হাই গ্রেপ্তার হন।