রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যাংক হিসাব দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত সিলেটের তারাপুর চা বাগানের সম্পত্তি বন্দক দিয়ে দেশের কোন ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে কি না তা জানাতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় ব্যাংককে ৩১ আগস্টের মধ্যে এই তথ্য জানাতে বলা হয়েছে। 

পাশাপাশি তারাপুর চা বাগানে অবস্থিত রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের গত এক বছরের ব্যাংক হিসাব বিবরণী দাখিল করতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। ৩১ আগস্টের মধ্যে ওই বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি আপিল বিভাগ এক রায়ে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত তারাপুর চা বাগান রাগীব আলীর বরাবরে লীজ অবৈধ ঘোষণা করেন। বাগানের দখল বৈধ সেবায়েত বরাবর হস্তান্তর করতে সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই চা-বাগান পুনরুদ্ধার, দখল করে গড়ে ওঠা কলেজ ও হাসপাতালসহ সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই রায়ে আসা পর্যবেক্ষণের আলোকে সেবায়েত নিয়োগের নির্দেশনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (স্কন) পক্ষে আপিল বিভাগে একটি আবেদন করা হয়। মেডিকেল কলেজ ও হাসপাতাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বছর সময় চেয়ে আরেকটি আবেদন করে। এর বাইরে আগের সেবায়েত একটি আবেদন করেন। বুধবার বিষয়টি শুনানির জন্য তালিকায় ছিল।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাগীব আলীর ছেলের পক্ষে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী। আর স্কনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

পরে আইনজীবী এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, গত বছরের পয়লা জুলাই থেকে এখন পর্যন্ত রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যাংক হিসাব বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত ওই চা বাগানের সম্পত্তি বন্দক দিয়ে কোন ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে কি না তাও ৩১ আগস্টের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ওই দিন বিষয়টি আদেশের জন্য তালিকায় আসবে।