রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাঁরা কাজ বন্ধ করে দিয়েছেন।হাসপাতাল সূত্র জানায়, শিক্ষানবিশ চিকিৎসক আলেয়া ফেরদৌস ও সেতু ভৌমিককে গতকাল কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই এক মাসের সাময়িক বহিষ্কার ও তাঁদের আবাসনের সুযোগ-সুবিধা বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে মেডিকেল কলেজের শতাধিক শিক্ষানবিশ চিকিৎসক চিকিৎসা বন্ধ করে মেডিকেল কলেজের সামনে অবস্থান নেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা কর্মবিরতি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করা হলে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) নাজমুল ইসলাম জানান, ‘শৃঙ্খলাভঙ্গজনিত কারণে দুজন চিকিৎসককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কর্মবিরতিতে থাকা শিক্ষানবিশ চিকিৎসকদের এ বিষয়টি বোঝানো হচ্ছে।’