রাগীবের ছেলের আবেদনে ফের সাক্ষ্য নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখলে ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মামলায় সাক্ষ্য দেওয়া ১০ সাক্ষীর আবার সাক্ষ্য নেওয়া হবে। শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বলেন, এ মামলার আসামি শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিনই তাঁরা দুজন পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে যান। ১২ নভেম্বর আবদুল হাই দেশে ফিরলে সিলেটের জকিগঞ্জ অভিবাসন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১৪ নভেম্বর তাঁকে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবীরা সাক্ষ্য দেওয়া ১০ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে আদালতে আবেদন জানান। আজ এ বিষয়ে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। পুনরায় সাক্ষ্য গ্রহণ করার জন্য আগামী ৪ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

এ মামলায় মোট সাক্ষী ১৪ জন। এর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।

২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়েছিল। প্রথম দফায় পুলিশ তদন্ত করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে। ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনরায় তদন্ত করে রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।