রাগীবের বিরুদ্ধে সেই দুই মামলা সক্রিয় হচ্ছে
সিলেটে রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে ‘হাজার কোটি’ টাকার ভূমি আত্মসাতের অভিযোগে করা দুটি মামলা সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন আদালত। সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরু এ নির্দেশ দেন।
সিলেট মহানগরের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দুটি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে শেষ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ায় গতকাল আদালতকে লিখিত একটি আবেদনের মাধ্যমে উচ্চ আদালতের রায়ের বিষয়টি অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলা দুটি সক্রিয় করার নির্দেশ দেন।
এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ সিলেট কোতোয়ালি থানায় পাঠানো হলে পরে পুলিশ দুই মামলার তদন্ত কার্যক্রম নতুন করে শুরু করবে বলে পিপি জানান।
জেলা প্রশাসনের ভূমি-সংশ্লিষ্ট শাখার সূত্র জানায়, সংসদীয় উপকমিটি তারাপুর চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার মাধ্যমে চা-বাগান পুনরুদ্ধার করার সুপারিশ করায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল হাই বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। মামলায় রাগীব আলী, তাঁর স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরী (প্রয়াত), ছেলে আবদুল হাই, মেয়ে ও মেয়ের জামাতাকে আসামি করা হয়েছিল। পরবর্তী সময়ে এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়। পরে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।
এর আগে ১০ মার্চ রাগীব আলীর ছেলে আবদুল হাইকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে দেবোত্তর সম্পত্তির চা-বাগানে বিধিবহির্ভূত স্থাপনা অপসারণে নোটিশ দেয়। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তির চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন।