রাঙামাটি ও খাগড়াছড়িতে ছাত্র ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তিবিরোধী আদিবাসীদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত (ইউপিডিএফ) পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে রাঙামাটি ও খাগড়াছড়িতে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। সংখ্যালঘু জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় এ ধর্মঘট ডাকা হয়।রাঙামাটি: জেলার নানিয়াচর, কাউখালী, জুরাছড়ি, বরকল, বাঘাইছড়ি ও রাজস্থলী উপজেলায় এবং রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্ররা উপস্থিত হলেও ক্লাস বর্জন করেছে বলে জানা গেছে। তবে রাঙামাটি শহর ও কাপ্তাই উপজেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ক্লাস চলেছে বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমার স্বাক্ষরিত এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব সংখ্যালঘু জাতিসত্তাগুলোর নিজেদের পরিচয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার ও পুনর্বাসিত বাঙালিদের সমতলে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।খাগড়াছড়ি: খাগড়াছড়ির সব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল ক্লাস বর্জন কর্মসূচি পালিত হয়েছে। ধর্মঘটের কারণে খাগড়াছড়ি সদরের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিশেষ করে আদিবাসী শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়নি। খাগড়াছড়ি সদর ছাড়াও পানছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, লক্ষ্মীছড়ি উপজেলাতে আদিবাসী শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেছে। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা এক বিবৃতিতে ধর্মঘট কর্মসূচি সফল করায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ছাড়া তিনি দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি বহুজাতিক ও বহু ভাষাভাষীর দেশ। কিন্তু সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব সংখ্যালঘু জাতিগুলোর ওপর জোরপূর্বক বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে তাদের অস্তিত্বকে চিরতরে মুছে দিতে চাইছে। দেশের সংখ্যালঘু জাতিগুলো এ সংবিধান কিছুতেই মেনে নেবে না।