পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাদানসহ পাঁচ দফা দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) গতকাল মঙ্গলবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।পাঁচ দফা দাবির অন্যগুলো হলো: পাঠ্যপুস্তকে জাতিসত্তার অবমাননামূলক তথ্য প্রত্যাহার, পাহাড়ি জাতিসত্তার বীরত্বপূর্ণ কাহিনি ও সংগ্রামী ইতিহাস অন্তর্ভুক্ত করা, সব জাতিসত্তার ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরা এবং উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ কোটা চালু করা।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক উমেশ চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি সদর উপজেলার কুতুবছড়ি, নানিয়ারচর, কাউখালী ও বাঘাইছড়ি উপজেলায়, খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি, মহালছড়ি, দীঘিনালা ও গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।এসব সমাবেশে বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করলেও পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সংখ্যালঘু জাতিগুলোর ভাষা বিকাশে সরকার কোনো উদ্যোগ নেয়নি। বাংলা ভাষার আধিপত্যে সংখ্যালঘু জাতিগুলোর ভাষা হারিয়ে যাওয়ার পথে।বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকার সংখ্যালঘু জাতিগুলোকে ধ্বংসের লক্ষ্যে একের পর এক নীলনকশা প্রণয়ন করে চলেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিগুলোকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। বক্তারা সব জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায় শিক্ষার অধিকারসহ জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সোচ্চার হওয়ার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।খাগড়াছড়ি: পিসিপির খাগড়াছড়ি কলেজ শাখার উদ্যোগে সকালে মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার হয়ে সদর উপজেলা চত্বরে চেঙ্গী স্কয়ারে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সুপ্রিয় চাকমা ও খাগড়াছড়ি কলেজ শাখার সহসভাপতি নিক্সন চাকমা, সুনয়ন চাকমা প্রমুখ।পানছড়ি (খাগড়াছড়ি): পানছড়ি কলেজ ফটক থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানছড়ি বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। পিসিপির থানা শাখার সভাপতি বিবর্তন চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিসিপির পানছড়ি শাখার সম্পাদক সুমেধ চাকমা, পানছড়ি কলেজ শাখার সম্পাদক পরম বিকাশ চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুন চাকমা।সমাবেশে বক্তারা পাঁচ দফা শিক্ষাসংক্রান্ত দাবি মেনে নেওয়ার দাবি জানান।দীঘিনালা (খাগড়াছড়ি): পিসিপির উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লারমা স্কয়ারে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা পিসিপির সভাপতি রজেন্টু চাকমার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পিসিপির সাধারণ সম্পাদক সুমান্ত চাকমা, উপজেলা যুব ফোরামের সভাপতি বিধান চাকমা, পিসিপির কেন্দ্রীয় সদস্য টিটু বিকাশ চাকমা ও ছাত্রনেতা অংকন চাকমা। প্রতিবাদ সভায় বক্তারা পঞ্চদশ সংশোধনী বাতিল করে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।