রাঙামাটি ও খাগড়াছড়িতে শান্তিপূর্ণ হরতাল

মোটরসাইকেলচালক হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে গতকাল বুধবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১০ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকার উদ্দেশে রওনা দেন ছাদিকুল ইসলাম (২৩)। এরপর থেকই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১৩ এপ্রিল রাতে ঘিলাছড়ি এলাকা থেকে ছাদিকুলের লাশ উদ্ধার করে পুলিশ।
ছাদিকুল হত্যার ঘটনায় তাঁর বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নানিয়ারচর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙামাটি
শহরের বিভিন্ন বিপণিবিতানের দোকান বন্ধ থাকলেও অফিস-আদালত ছিল খোলা। গতকাল বনরুপা ও কল্যাণপুর এলাকায় হাটের দিন থাকলেও হরতালের কারণে লোকজন ছিল কম। শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। সকাল থেকে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা বনরুপা ও মানিকছড়ি এলাকায় অবস্থান নেন। তাঁরা সেখানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, হাটে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েন। এ ছাড়া রাঙামাটি-নানিয়াচর-খাগড়াছড়ি, রাঙামাটি-কাপ্তাই ও রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলেনি।
এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা হরতালের সঙ্গে সমর্থন জানায় পার্বত্য নাগরিক পরিষদ। সংগঠনের সভাপতি মো. আলকাছ আল মামুন ভূঁইয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে ছাদিকুলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছেন তাঁরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি
হরতালের কারণে গতকাল খাগড়াছড়ি শহর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের বেশির ভাগ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বিভিন্ন স্থানে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
হরতালের সমর্থনে সকালে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পিকেটিং করেছেন পিকেটাররা। সকাল সোয়া সাতটার দিকে খাগড়াছড়ি উন্নয়ন বোর্ড সড়কের সামনে পিকেটাররা একটি ট্রাক ভাঙচুর করেন। এ সময় পুলিশ পিকেটারদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, সকালে একটি ট্রাক ভাঙচুর করার ঘটনা ছাড়া কোনো ধরনের ঝামেলা হয়নি।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আলী আহমেদ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলায় কোনো ধরনের অপ্রতীকর ঘটনা ঘটেনি।