রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংস ঘটনায় বিভিন্ন সংগঠনের উদ্বেগ উত্কণ্ঠা ক্ষোভ
রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংস ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আদিবাসী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ, উত্কণ্ঠা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে।গতকাল বুধবার বিকেলে পাহাড়ি ছাত্র পরিষদ তৃতীয় দিনের মতো মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে। আটক হওয়া পাহাড়িদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুমেন চাকমা বলেন, ‘এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি। সরকারের দিক থেকে দায়িত্বশীল আচরণ না পাওয়া গেলে আন্দোলন জোরদার করতে আমরা বাধ্য হব।’ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সংহতি জানান।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গতকাল বুধবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। দ্রুত সেনা ক্যাম্প সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে অনুরোধ জানান তাঁরা। ১৯ জানুয়ারি বাঘাইহাটে হামলার পর থেকেই তাঁরা ঢাকায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণ না হলে তাঁরা কঠোর কর্মসূচি দেবেন বলেও জানানো হয়েছে।সকালে হাইকোর্ট ভবনের সামনে অবস্থান ধর্মঘট করে সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে বলে সমতলের মানুষদের যে তথ্য দেওয়া হচ্ছে, তা ভিত্তিহীন বলে দাবি করেন তাঁরা। সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার ফলে পার্বত্যাঞ্চলে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে আরও বেশি সেনা নিয়োগের অপচেষ্টা করা হচ্ছে বলেও তাঁরা দাবি করেন।আদিবাসীদের উন্নয়নের স্বার্থে ১৭ সাংসদ নিয়ে গঠিত আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস পার্বত্য অঞ্চলের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। ফজলে হোসেন বাদশা, হাসানুল হক ইনু, রুবী রহমান ও রাশেদ খান মেনন স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে আদিবাসী-বাঙালির সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার দোষী ব্যক্তিদের শাস্তি দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে। দাঙ্গা পরিস্থিতি তৈরির অভিযোগ করে নেতারা বলেন, এর পেছনে ষড়যন্ত্র আছে। বক্তারা বলেন, ‘ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সুবিধাবাদীদের ঠেকাতে হবে।’ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও সংহতি জানান। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহ্বায়ক শিবলী কাইউম এক বিবৃতিতে খাগড়াছড়ি সদর এলাকায় পাহাড়িদের বাড়িঘর, দোকান পুড়িয়ে ফেলা এবং গণগ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।গণসংহতি আন্দোলন পাহাড়িদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত হওয়ার ডাক দিয়ে মুক্তাঙ্গনে সমাবেশ করে। সভা থেকে পাহাড়িদের ঐতিহ্যগত ভূমি অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সমন্বয়ক জোনায়েদ সাকি। মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বাঙালি-আদিবাসী সংঘর্ষে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি শান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত মানুষের জন্য দীর্ঘ ও স্বল্পমেয়াদি পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা।নারীপক্ষের সভানেত্রী তামান্না খান এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, হামলার পর থেকে আক্রান্তরা যে পরিস্থিতিতে দিন যাপন করছে তা কাম্য নয়। ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে আগামী শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের আয়োজন করেছে নারীপক্ষ।জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে পার্বত্য দুই জেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার ও গণগ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়েছে। পাহাড়িদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং গণগ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ জানিয়েছে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে আক্রান্ত মানুষের জন্য প্রয়োজনীয় চিকিত্সা, ত্রাণ প্রদান ও বসতি পুনর্নির্মাণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।গতকাল ১১ দলের এক সভায় পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সেখানে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে জ্বালাও-পোড়াও-খুন-লুটতরাজ চলছে। ওই এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। সভায় সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান বাবু। উপস্থিত ছিলেন সাংসদ রাশেদ খান মেনন, আবদুস সামাদ প্রমুখ।কর্মজীবী নারী, বাংলাদেশ যুব মৈত্রী, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন পার্বত্য চট্টগ্রামে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।