রাঙামাটি ও বান্দরবানে আদিবাসী দিবস উদ্যাপিত
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল শনিবার রাঙামাটি ও বান্দরবানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার বলেন, অধিকতর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি আদায় করতে হবে।
সকাল সাড়ে ১০টায় আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে রাঙামাটি পৌরসভা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে দেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা। আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুণেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা, বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা।
এদিকে বান্দরবান জেলা শহরের রাজার মাঠে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন পাড়া-গ্রাম থেকে কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে ও বাদ্যবাজনা বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বোমাং রাজপুত্র চহ্লাপ্রু জিমির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ, জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মীর হামিদ, মানবাধিকারনেত্রী ডনাইপ্রু নেলী, চাক নেতা মংমং চাক, শিক্ষক ও গবেষক ক্যশৈপ্রু মারমা প্রমুখ।